প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. শওকত হোসেনের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা তিন মামলার তদন্তের জন্য রাজউকের সহকারী পরিচালক মিজানুরসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে এ তিনজকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়। এর আগে মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আবু মুসাসহ ১২ জনকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করে দুদক। এরই ধারাবাহিকতায় গতকাল তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্র জানায়, শওকত হোসেন ২০০১ সালের দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব থাকাকালীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রভাবিত করে নিজ, মা ও স্ত্রীর নামে অবৈধভাবে প্লট বরাদ্দ করিয়ে নেন। বিধিবিধান না থাকা সত্ত্বেও তিনি রাজউক থেকে প্রাপ্ত প্লটের আয়তন বৃদ্ধি করেন। এ কারণে গত ২২ এপ্রিল স্ত্রী, মা ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সচিব ড. খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে মতিঝিল থানায় তিনটি মামলা করে দুদক।
