ওয়েস্ট ইন্ডিজ সফরের ক’দিন আগেই তামিম ইকবাল ইনজুরিতে পড়ায় ছোট হলেও একটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল বৈকি। অবশ্য ফিজিওথেরাপিস্ট বিভব সিং সেদিনই নিশ্চিত করেছিলেন যে, খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। গতকাল আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তামিম ইকবালকে অনুশীলনে দিব্যি ব্যাট করতে দেখে বোঝা গেল, আসলেই দুশ্চিন্তার কিছু নেই। তারপরও সতর্কতার কারণে আজকের অনুশীলন ম্যাচটা হয়তো খেলবেন না তামিম। এই বাঁহাতি ওপেনার ছাড়া আজ বাকি সবাইকেই সুস্থ পাচ্ছে জাতীয় দল ম্যানেজমেন্ট। জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও ক্যাম্পে যারা আছেন, তাদের সবাইকেই নিয়ে অনুষ্ঠিত হবে আজকের ম্যাচ। তেমন আনুষ্ঠানিক কিছু না হলেও ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে অন্তত দুটি ম্যাচ এভাবে নিজেদের মধ্যে খেলোয়াড় ভাগাভাগি করে খেলবে বাংলাদেশ দল। মূল উদ্দেশ্য এতোদিনের ব্যাসিক টেকনিক, নিজেদের পুরোনো পারফরম্যান্স নিয়ে যে আলোচনা, বিশ্লেষণ ও নেটে অনুশীলন হয়েছে, তার প্রয়োগটা দেখে নেয়া। ঈদের ছুটিতে যাওয়ার আগেই কোচ হাতুরুসিংহে বলেছিলেন, এই পর্বের অনুশীলনে এই প্রায়োগিক দিকগুলো দেখে নেয়াটাই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানিয়েছিলেন, জাতীয় দল মূলত গত কয়েক সপ্তাহ ধরে স্কিল উন্নয়নের কাজ করেছে। একেবারে ব্যাসিক স্কিলেই মনোসংযোগ করা হয়েছে—কিভাবে আরও উন্নতি করা যায়, ব্যাপারগুলো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করা হয়েছে। ব্যাটসম্যানরা বিশেষ করে নিজেদের খেলাটা কেমন, কি করে তারা এসব যাতে বুঝতে পারে, তা নিয়ে কাজ করা হয়েছে। এজন্য তারা নিজেদের ভিডিও দেখেছে। কোথায় উন্নতি করতে হবে, সেটা ঠিক করেছে। বোলারদের ব্যক্তিগত স্কিল, স্টক বল, বৈচিত্র্য এসব নিয়ে কাজ করা হয়েছে। ঈদের পর এসে সেসব নিয়ে নিবিড় বিশ্লেষণের পাশাপাশি দু’দিন মনোবিদের সঙ্গেও কাজ করেছেন খেলোয়াড়রা। আর এই সবকিছুর প্রয়োগটা দেখে নেয়ার পালা আজ।
