পাকিস্তানের বিপদ কাটালেন ইউনুস

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:৩৬
ইউনিস খানের লড়াকু সেঞ্চুরিতে গল টেস্টের উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও বিপদ কাটিয়ে উঠেছে পাকিস্তান। শ্রীলঙ্কার বোলাররা ৫৬ রানে সফরকারীদের তিন উইকেট ফেলে দিলেও ইউনিস পরিস্থিতি সামাল দেন। তার অপরাজিত ১৩৩ রানে অধিনায়ক মিসবাহ উল হকের দল শেষ পর্যন্ত চার উইকেট খুইয়ে ২৬১ রানে উদ্বোধনী দিনের খেলা শেষ করে। ইউনিস ২২৮ বলে সংগ্রহটি হাঁকান ১১টি চার এবং একটি ছক্কার মারে। তার সাথে প্রথম ইনিংসে অপরাজিত আছেন সতীর্থ আসাদ শফিক (৫৫)। তার ইনিংসটিতে আছে ছয়টি চার এবং এক ছক্কার মার। ইউনিসের এটি ২৪তম টেস্ট সেঞ্চুরি। শতক পূর্ণ করতে তিনি বল খেলেছেন ১৮১টি, চার হাঁকিয়েছেন আটটি, ছক্কা হাঁকিয়েছেন একটি। সেঞ্চুরিটি করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ (২৪টি) সেঞ্চুরিয়ান মোহাম্মদ ইউসুফকেও স্পর্শ করেন তিনি। একই সঙ্গে ইউসুফকে টপকে ৭,৫৩২ রান নিয়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর জায়গাটিও দখল করেছেন ইউনিস। দুই রান কম নিয়ে এই তালিকায় ইউসুফের অবস্থান এখন চতুর্থ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল বুধবার সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু বৃষ্টিভেজা এবং মেঘাচ্ছন্ন পরিস্থিতিতে লঙ্কান বোলারদের দাপটে দলীয় ৫৬ রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে আসেন। পেসার ধামিক্কা প্রাসাদের বলে উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের বোল্ড হওয়ার মধ্যদিয়ে পাকিস্তানের বিপর্যয়ের শুরু। দলীয় সংগ্রহে আর ১৫ রান জমা পড়তেই প্রাসাদের বলেই এলবিডব্লিউ’র শিকার হন অপর উদ্বোধনী ব্যাটসম্যান খুররম মনজুর। ওপেনারদ্বয় দুই অংকের ঘরে পৌঁছতে ব্যর্থ হন। লেগ স্পিনার রঙ্গনা হেরাথের বলে ব্যক্তিগত ৩০ রানে আজহার আলি বোল্ড হলে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। দলটির সংগ্রহ তখন ৫৬। এমন অবস্থায় চতুর্থ উইকেটে হাল ধরেন ইউনিস খান-মিসবাহ জুটি। এই জুটির ওপর ভর করে অনায়াসে শত রান তোলে পাকিস্তান; পার হয় দেড়শ’ রানের কোটাও। দলীয় ১৫৬ রানে এ জুটিতে ফাটল ধরান হেরাথ। তার ঘূর্ণিবলে ৩১ রান করা মিসবাহ উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার তালুবন্দি হলে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। কোচ ওয়াকার ইউনিসের দল দিনের বাকি খেলায় খেই হারায়নি। পঞ্চম উইকেট জুটিতে আসাদ শফিককে নিয়ে দলকে ভাল অবস্থানের দিকে নিয়ে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। দু’জনে অপরাজিত ১০৫ রানের জুটির গড়ে শুরুর ধাক্কা সামলে পাকিস্তানকে এখন বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন। লঙ্কান বোলারদের মধ্যে ধামিক্কা প্রাসাদ এবং রঙ্গনা হেরাথ দু’টি করে উইকেট নিয়েছেন। উইকেটগুলো পেতে দু’জনে যথাক্রমে ৫৪ ও ৬৮ রান দিয়েছেন। টেস্টটির শুরুতে শ্রীলঙ্কা দল তাদের তারকা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনাকে গার্ড অব অনার দেয়। এ সিরিজের মধ্য দিয়েই তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। গল টেস্ট সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান ১ম ইনিংস: মনজুর ৩, শেহজাদ ৪, আজহার ৩০, মিসবাহ ৩১, ইউনিস ১৩৩* ও আসাদ ৫৫*। বোলিং: ধামিক্কা প্রাসাদ ২/৫৪ ও রঙ্গনা হেরাথ ২/৬৮।