মাহেলার জন্য...

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:৩৭
৬ আগস্ট, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাউন্ডারি পেরিয়ে মাঠে ঢুকে পড়লেন এক কিংবদন্তি। এই শেষ। এই সিরিজে আর মাত্র একবারই দেখা যাবে এই দৃশ্য। মাহেলা জয়াবর্ধনের জন্য বিশেষ আয়োজনই ছিল গলে। সতীর্থরা গার্ড অব অনার দিয়ে মাঠে নিয়ে আসলেন তাকে। গ্যালারি ভর্তি দর্শক-সমর্থকরা তখন দাঁড়িয়ে সম্মান জানালেন। মাঠের পিচ পর্যন্ত ব্যাট উঁচু করে দাঁড়িয়ে আছেন। সবাই যেন বলতে চাইলেন, ‘ধন্যবাদ জয়া!’ মাহেলাও হাত উঁচু করে অভিবাদনের জবাব দিলেন। ব্যাস, এভাবেই শুরু হল লঙ্কান ক্রিকেট কিংবদন্তির শেষ টেস্ট সিরিজ। ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে এমন একটা সংর্বধনা প্রাপ্যই ছিল জয়াবর্ধনের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী কর্মকতা অ্যাশলি ডি সিলভাকে এক চিঠিতে জয়াবর্ধনে বলেন, ‘এটা আমার জন্য সহজ কোন সিদ্ধান্ত ছিল না। আর এভাবে সম্মান ও সংবর্ধনার সাথে বিদায় নেয়াটা আমার জন্য দারুণ এক গর্বের ব্যাপার। দেশের জন্য প্রায় ১৮ বছর ধরে খেলে যাওয়াটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। আমার মনে হয় বিদায় বলে দেয়ার এটাই সঠিক সময়।’ গত ১৪ জুলাই ৩৭ বছর বয়সী জয়াবর্ধনে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন। ১৪৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১১৬৭১ রান করেছেন তিনি।