ফন গলকে রজার্সের খোঁচা

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:৩৮
ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও কোচ হিসেবে তার অভিষেকই হয়নি। যদিও, প্রাক-মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে জয় দিয়েই শুরু করেছেন লুই ফন গল। সামনেই শুরু হচ্ছে নতুন মৌসুম। কিন্তু এর আগেই যে লড়াইয়ে নেমে যেতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচকে। না, কোনো ফুটবলীয় লড়াই নয়, এ হচ্ছে কথার লড়াই! নেদারল্যান্ডস দলের সাবেক এই কোচের জন্য ভিন্ন ধরনের এই লড়াই নিয়ে হাজির হলেন লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স। মনস্তাত্ত্বিক কথার লড়াইয়ের প্রথম দফায় ফন গলকে রীতিমত তুলোধুনো করেই ছাড়লেন তিনি। এর আগে বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ ও লা লিগার বার্সেলোনার হয়ে কাজ করলেও সেই অভিজ্ঞতাকে বড় করে দেখতে চাইছেন না ব্রেন্ডন রজার্স। অল রেড কোচের মতে, ইংলিশ প্রিমিয়ার লিগের মত প্রতিদ্বন্দ্বিতা আর কোনো লিগেই হয় না। তাই তার মতে, ইংল্যান্ডে ফন গালের সামনে কঠিন লড়াইই অপেক্ষা করছে, ‘এখানে তাকে সম্পূর্ণ ভিন্ন একটা মনোভাব নিয়ে খেলতে হবে। কৌশলটাও ভিন্ন হতে হবে। অন্য সব লিগে লড়াইটা দুই-তিনটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে লড়াইটা অনেক বেশি উন্মুক্ত।’ বিশ্বকাপের পরে ওল্ড ট্র্যাফোর্ড শিবিরে যোগ দেবার পরে ডাচম্যান এখনো পরাজয়ের তিক্ত স্বাদ পাননি। বরং মায়ামিতে প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে লিভারপুলকে ৩-১ গোলে পরাজিত করে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ জয় করায় ম্যান ইউতে তার আগমন ব্যাপক সাড়া ফেলেছে। তবে রজার্স বিশ্বাস করেন, ভ্যান গাল যেহেতু এখনো তার দীর্ঘ ও সাফল্যজনক ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা গ্রহণ করেননি সেহেতু নতুন এই দায়িত্বে সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচকে বেশ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই নর্দান আইরিশম্যান এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘আমি মনে করি এই লিগে সে যে ধরনের প্রতিযোগীতার মুখোমুখি হবে তার অভিজ্ঞতা সে অন্য কোনো লিগে পায়নি। এখানেই তার মূল চ্যালেঞ্জ। অন্য প্রায় সব লিগেই এক বা দুটি দলই শিরোপা দৌড়ে টিকে থাকে এবং শেষ পর্যন্ত তারাই শিরোপা নিয়ে বাড়ি যায়। কিন্তু এখানকার লিগে শীর্ষ দলকেও একেবারে নিচে থাকা দলটির বিপক্ষে খেলতে হয় এবং যেকোনো দিন যেকোনো দলই জেতার ক্ষমতা রাখে। যা সাধারণত বিশ্বের অন্য কোনো ক্লাব লিগে দেখা যায় না। আমি মনে করি, এই ধরনের প্রতিযোগিতা ফন গলকে বিস্মিত করে তুলতে পারে। এটাই আমি দীর্ঘদিন ধরে বিদেশি কোচদের উদ্দেশ্যে বলে আসছি। আমি বেশ নিবিড়ভাবে বিদেশি খেলোয়াড়দের সাথে কাজ করেছি। বাস্তবিক অর্থেই এখাকার শারীরিক প্রতিযোগিতা বিশ্বের যেকোনো জায়গার থেকে অনেকটাই ভিন্ন।’ শিরোপার খুব কাছাকাছি গিয়েও গত মৌসুমে হতাশ হতে হয়েছে ব্রেন্ডন রজার্সের লিভারপুলকে। কিন্তু রজার্স বিশ্বাস করেন ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরো কঠিন হয়ে উঠবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গত মৌসুমে চার থেকে পাঁচটি দল শিরোপা দৌড়ে টিকেছিল। লিগের শেষ দিন পর্যন্ত এই প্রতিযোগিতা অব্যাহত ছিল। ঐতিহাসিকভাবেই প্রিমিয়ার লিগের এই প্রতিদ্বন্দ্বিতা বিশ্বব্যাপী স্বীকৃত। ম্যানচেস্টার ইউনাইটেড যেকোনো সময় প্রতিযোগিতায় ফিরে আসবে, চেলসিও বেশ শক্তিশালী দল, ম্যানচেস্টার সিটি তো বর্তমান চ্যাম্পিয়ন- তাই এই দলগুলোকেই ফেবারিট বলা যায়। গত দুই মৌসুমে টটেনহ্যামও বেশ উন্নতি করেছে। হ্যারি রেডন্যাপ যখন ছিলেন তখন তারা চ্যাম্পিয়ন্স লিগের দল ছিল। এতেই বোঝা যায়, প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জ দিনে দিনে বেড়েই চলেছে।’ ইউনাইটেডে আরও কয়েকটি বিষয়ে ফন গলকে সতর্ক থাকতে হবে বলে মনে করছেন রজার্স। বিশেষ করে রেড ডেভিলদের মালিক গ্লেজার পরিবারকে মানিয়ে চলাও ফন গলের জন্য চ্যালেঞ্জ হবে বলে মত দিলেন তিনি। এছাড়া গত মৌসুমে ডেভিড মোয়েসের পরিণতির ব্যাপারটাও মাথায় রাখা উচিত ফন গলের, ‘ও দীর্ঘমেয়াদী চুক্তিতে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। এটা টিকিয়ে রাখতে পারফরম্যান্সের ধারাটাও ধরে রাখতে হবে। সেটা না হলে অনেক রকমের ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে তাকে।’ বাসস/গার্ডিয়ান