সুয়ারেজের প্রশংসায় বার্সা সভাপতি

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:৩৮
লুই সুয়ারেজ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিতে লোভনীয় অনেকগুলো প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এ তথ্য জানিয়েছেন বিশ্বের অন্যতম ধনী এ ক্লাবটির সভাপতি হোসে ম্যারিয়া ব্যার্টেম্যু। ব্রাজিল বিশ্বকাপে উরুগুয়ের বিদায়ের পর পরই প্রায় ৮ কোটি ৮৮ লাখ ইউরোতে বার্সেলোনায় নাম লেখান লিভারপুলের হয়ে সাড়ে তিন বছর খেলা সুয়ারেজ। ব্যার্টেম্যু জানিয়েছেন, বিশ্বকাপের আগেই সুয়ারেজের সঙ্গে বার্সেলোনা প্রথম যোগাযোগ করেছিল। এটাও জানালেন, ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা এই খেলোয়াড় অন্যান্য ক্লাব থেকে আরো ভাল আর্থিক মূল্যের প্রস্তাব পেয়েছিলেন। কাতালান ক্লাবটির সভাপতি সিএনএন টেলিভিশনকে বলেন, ‘বিশ্বকাপের পূর্বেই বার্সেলোনা এই খেলোয়াড়ের সঙ্গে প্রথম যোগাযোগ করে। আমি তাকে বলেছিলাম, দল বদলে ঝাঁপ দেয়ার মতো তার বয়স এবং অভিজ্ঞতা সঠিক অবস্থায় আছে।’ ব্যার্টেম্যু আরো বলেন, ‘বেশ কয়েক বছর আগে থেকেই আমরা জানতাম, সুয়ারেজ আমাদের ক্লাব পছন্দ করে, এই শহরকে সে পছন্দ করে। সুয়ারেজকে গ্রহণ করার জন্য সবকিছুই যথাযথ ছিল। আমরা এটাও জানতাম, তার আরো ভাল প্রস্তাব আছে। এরপরও সুয়ারেজ বার্সেলোনাতে আসার সিদ্ধান্ত নিয়েছে।’ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ইতালির ডিফেন্ডার জিওর্জিও ছিয়েলিনিকে কামড়ে দেয়ায় ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রমে সুয়ারেজের ওপর ফিফার চার মাসের নিষেধাজ্ঞা চলছে । ব্যার্টেম্যু জানালেন, এই ঘটনাও সুয়ারেজের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে কোনো সংশয় তৈরি করেনি। ব্যার্টেম্যু বলেন,‘না, এই ঘটনা আমাদের পুনরায় বিবেচনা করতে বাধ্য করেনি। এই ঘটনার পরে আমরা তাকে এটা বলেছিও। সে জানে এটা ভুল ছিল। এই কারণেই সে ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’ লিওনেল মেসি প্রসঙ্গেও কথা বলেছেন বার্সেলোনা সভাপতি। লা ম্যাসিয়ায় (বার্সার যুব একাডেমি) তরুণ খেলোয়াড়দের জন্য উদাহরণ স্থাপন করায় এই আর্জেন্টাইন তারকাকে ক্লাবের জন্য ‘অমূল্য’ সম্পদ বলে অভিহিত করে তিনি বলেন, ‘মেসি গোল এবং ট্রফির চেয়ে আরো বেশি কিছুকে তুলে ধরে। সে তরুণ খেলোয়াড়ের উত্সাহকে প্রতিবিম্বিত করে, যে কিনা লা ম্যাসিয়ায় আসে এবং এই ক্লাবেই বড় হয়ে ওঠে। ফলে এই ক্লাবে মেসির মূল্য সীমাহীন।’ সাবেক কোচ পেপ গার্দিওলারও প্রশংসা করে ব্যার্টেম্যু দাবি করেন, সাবেক এই কোচের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন। তিনি এমন ইঙ্গিতও দেন যে, বায়ার্ন মিউনিখের বর্তমান এই কোচ হতে পারেন বার্সার সেই সব সাবেক খেলোয়াড়দের একজন যারা কিনা সামনের বছরগুলোতে ক্লাবটিতে ফিরে আসার ব্যাপারটি বিবেচনা করতে পারেন। এ প্রসঙ্গে ব্যার্টেম্যু বলেন, ‘পেপ গার্দিওলার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি প্রতিভাধর একজন ব্যক্তি। যেসব মানুষ তাদের হূদয়ে বার্সাকে লালন করেন, তারা ফিরে এসে ক্লাবটিকে সাহায্য করতে পারেন। তিনি আরো বলেন, ‘২০২২ সালের পর বর্তমানে যারা এখানে খেলছেন কিংবা অন্য ক্লাবে খেলছেন; কোচ, স্পোর্টিং ডিরেক্টর, প্রেসিডেন্ট হয়ে ফিরে আসতে পারেন। কারণ দিন শেষে আমরা বড় একটি পরিবার।’ —গোল ডটকম।