বাংলাদেশ দল নরওয়ের ট্রমসো শহরে অনুষ্ঠানরত ৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগের চতুর্থ রাউন্ডের খেলায় প্রতিযোগিতার নবম দল ও সাবেক চ্যাম্পিয়ন ইউক্রেনের কাছে ১-৩ পয়েন্টে পরাস্ত হয়েছে। বাংলাদেশ ওপেন বিভাগ এ নিয়ে চার খেলায় পাঁচটি ম্যাচ পয়েন্ট এবং নয়টি গেম পয়েন্ট অর্জন করে। গত মঙ্গলবার এ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৫২৩) বিশ্ব দাবার প্রাক্তন রানার-আপ গ্র্যান্ড মাস্টার ভ্যাসিলি ইভানচুকের (২৭৪৪) সাথে এবং গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব (২৫২২) প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার রুসলান পনোমারিওভের (২৭১৭) সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব এই রাউন্ডে গ্র্যান্ড মাস্টার পাভেল ইলজানভ (২৭২৩) এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ (২৪৫৩) তার প্রতিদ্বন্দ্বী গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার মঈসীনকোর (রেটিং-২৭০৭) কাছে হেরে যান। মহিলা বিভাগে বাংলাদেশ দল চতুর্থ রাউন্ডের খেলায় সুইজারল্যান্ডের কাছে ৩.৫-০.৫ পয়েন্টে পরাজিত হয়। মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা (২১৪৭) সুইজারল্যান্ডের মহিলা আন্তর্জাতিক মাস্টার সেপস্ মনিকার (২২৩৬) কাছে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (২০০১) মহিলা গ্র্যান্ড মাস্টার হান্ড বারবারা (রেটিং-২১৫৩) এবং মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ (১৯৯৫) মহিলা আন্তর্জাতিক মাস্টার হেইনাড্জ গুন্ডুলার (২১৬৯) কাছে হেরে যান। কেবল মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৮৪) মহিলা ফিদে মাস্টার স্টেইরি লড়ার (২১২৩) সাথে ড্রয়ে সক্ষম হন। বাংলাদেশ মহিলা দাবা দল এ নিয়ে চার খেলায় সমানসংখ্যক ম্যাচ পয়েন্ট ও ৭.৫ গেম পয়েন্ট অর্জন করেন।
জাতীয় ক্রীড়া পরিষদ ও গ্রামীণফোনের আর্থিক সহযোগিতায় এ প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশ পুরুষ দল গতকাল বুধবার রাতে সর্বশেষ রাউন্ডের খেলায় পেরুর এবং মহিলা দল আইসল্যান্ডের মুখোমুখি হয়।-খবর বিজ্ঞপ্তির
