‘বিকাশমান আফ্রিকাকে’ ওবামার অভিনন্দন

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২০:৫৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একটি ‘নতুন বিকাশমান আফ্রিকাকে’ অভিনন্দন জানিয়েছেন। আফ্রিকার ৪০টি দেশের নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনের শেষদিন তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। ‘ইউএস-আফ্রিকা লিডারস সামিটের’ গত বুধবারের আলোচনার প্রধান বিষয় ছিল নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং দুর্নীতি। যুক্তরাষ্ট্র প্রশাসন বলছে এই দু’টি ক্ষেত্র আফ্রিকার উন্নতি এবং দেশগুলোতে বিনিয়োগ আটকে রাখছে। সম্মেলনের মধ্যেই মার্কিন সংস্থাগুলো আফ্রিকায় ৩৭ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। সম্মেলনটির সমাপনী বক্তব্যে আরেকবার মিলিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে ওবামা বলেন, নেতৃবৃন্দ ‘সত্যিকারের আলোচনা’ করেছেন। তিনি বলেন, ‘আমি আমার উত্তরসূরীকে এই কাজটি চালিয়ে যেতে প্রবলভাবে উত্সাহিত করবো। কারণ, আফ্রিকানরা অবশ্যই জানে যুক্তরাষ্ট্রে সবসময়েই তাদের একটি শক্তিশালী অংশীদার আছে।’ তিনদিনের ঐ শীর্ষ সম্মেলনটিকে ‘একটি অসাধারণ ঘটনা’ হিসেবে বর্ণনা করেন তিনি। উল্লেখ্য, এই সম্মেলনে আফ্রিকার ৪০টি দেশের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। এদিকে এরই মধ্যে হোয়াইট হাউজ আফ্রিকার শান্তিরক্ষী বাহিনীগুলোতে এবং নতুন নিরাপত্তা সহযোগিতায় আরো সহায়তার ঘোষণা দিয়েছে। ওবামা বলেছেন, মহাদেশটিতে স্বচ্ছতা এবং সুশাসন নিয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞদের সমবেত হওয়ার আহবান জানাতে দেশগুলো সম্মত হয়েছে।