দীর্ঘদিন পর গত কয়েক ঈদে নিজের পরিচালনায় ছোট কাকু সিরিজের পাশাপাশি বাছাইকৃত নাটকে অংশ নিচ্ছেন ছোটপর্দার চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন। তবে এবারের ঈদে রেকর্ড গড়লেন যেন তিনি। প্রায় দুই প্রজন্মের অগণিত শিল্পীরা কাজ করলেও এবারের ঈদে সবাইকে টপকে আলোচনার শীর্ষে চলে আসেন আবারও আফজাল-সুবর্ণা জুটি। এবারের ঈদে এই জুটির নাটকটিই ছিল সবচেয়ে বেশি আলোচনায় ও প্রশংসনীয়।
নিজের এই নাটক প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘আসলে অনেকদিন পর মনে হলো এই নাটকে অভিনয় করলাম খানিকটা। কারণ এখনকার কাট টু শটে তো অভিনয়ের সুযোগ নেই। এই নাটকে দীর্ঘ ডায়লগে অভিনয়ের একটা আলাদা সুযোগ ছিল। তাই কাজটা করেও আনন্দ পেয়েছি। এবং দর্শকেরাও সেটি দারুণভাবে গ্রহণ করেছে।’
তবে ঈদের অন্যান্য অনুষ্ঠান নিয়ে রয়েছ তার মহা বিরক্তি। আফজাল হোসেনের কথায়, ‘টিভি অনুষ্ঠান দেখলে মাথা ধরে যায়। কাকে কে যে কখন তারকা বলে সম্বোধন করছে সেটা বোঝা মুশকিল।’
