ডিএসইর লেনদেনে ওষুধ ও জ্বালানি খাতের প্রাধান্য

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:০৩
গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় মূলধনী কোম্পানিগুলোর উপর ভর করে সূচক বেড়েছে। তাই বেশিরভাগ কোম্পানির দর কমলেও বেড়েছে সূচক। বড় মূলধনী কোম্পানিগুলোর দর বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ। এদিকে আগের দিনের তুলনায় ডিএসইতে মোট লেনদেন প্রায় ১০ শতাংশ কমলেও লেনদেনে প্রাধান্য ছিল ফার্মাসিউটিক্যালস বা ওষুধ ও জ্বালানি খাতের। এ দুই খাত মিলে লেনদেন হয়েছে ২২৪ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের ৩৮ ভাগ। বুধবার বাজারে জীবন বীমা খাতের কোম্পানিগুলো দর বৃদ্ধিতে এগিয়ে থাকলেও গতকাল কিছুটা দর পতন হয়েছে। আর প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং বাতিল করায় এ কোম্পানি দর হারনোর তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে। গতকাল কোম্পানিটির দর কমেছে ৫ শতাংশ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি ৭৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি কম। লেনদেনকৃত ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটি হচ্ছে- আলহাজ্ব টেক্সটাইল ও রেনউইক যজ্ঞেশ্বর। কোম্পানি দুটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসইর দেয়া নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানায়। তথ্যে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর বাড়ছে ধারাবাহিকভাবে। এক সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৭ শতাংশ। গতকালও শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা বা ৮ শতাংশ। এছাড়া পুঞ্জীভূত লোকসানী কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বরের দর গত চার কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে বাড়ছে। গতকালও শেয়ারটির দর বেড়েছে ২২ টাকা।