ঢাবি শিক্ষকদের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, ইসরাইলি হামলায় গাজায় যখন শত শত নিরীহ মুসলমান মারা যায় তখন ওআইসিসহ মুসলিম বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করেছে।এমনকি কার্যকরী কোনো প্রতিবাদও জানায়নি তারা। তাই এ হামলার ও গণহত্যার দায়ভার মুসলিম দেশগুলোকেও বহন করতে হবে। একই সাথে গাজা পুনর্গঠন এবং হামলার যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য অবিলম্বে মুসলিম দেশ ও সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা। গাজায় ইসরাইলি হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক অসীম কুমার সরকার, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মুহাম্মদ, ইরানীয় অধ্যাপক ইরান জাদেদ।
