স্ট্রাইকার সংকটে এশিয়াডগামী ফুটবল দল

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:৫১
এশিয়ান গেমস ফুটবল দলে ভালো খেলোয়াড় না থাকা নিয়ে এমনিতেই একটা দুশ্চিন্তা ছিল কোচ লুডভিক ডি ক্রুইফের। কারণ বাংলাদেশের ফুটবলে ভাল মানের খেলোয়াড় কম। তার উপর প্রতিযোগিতার নিয়মের কারণে তিনজন সিনিয়র ফুটবলারের বেশি খেলাতে পারবে না কোন দল। এ নিয়মের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে যেতে হচ্ছে বাংলাদেশকে। ভালো ফুটবলারদের বাছাই করে দলটা দাঁড় করানোর চেষ্টা করছেন ডাচ কোচ ক্রুইফ। কিন্তু তার দুশ্চিন্তা স্ট্রাইকার নিয়ে। কারণ আক্রমণভাগ শক্তিশালী হচ্ছে না। কোচ যেভাবে মিঠুন চৌধুরি আর জাহিদ হোসেন এমিলিকে নিয়ে এই বিভাগটি ভরাট করতে চেয়েছিলেন সেটা হচ্ছে না। মিঠুন জন্ডিসের কারণে দলে নেই। আর এমিলির ফিটনেস নেই। ইনজুরি কাটিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে সময় লাগবে। এশিয়ান গেমস ফুটবলে ভালো স্ট্রাইকার ছাড়া আক্রমণভাগ জোরদার করাও কঠিন। সেটা মানছেন কোচ লুডভিক ডি ক্রুইফ। কিন্তু কি করবেন। এমন এক পরিস্থিতিতে পড়েছেন তার কোনো বিকল্প পথও পাচ্ছেন না ডাচ কোচ। বিকেএসপিতে এশিয়াডগামী যুব ফুটবল দলকে অনুশীলন করানো কোচ ক্রুইফ বলছেন, হাতের কাছে যা আছে তা নিয়ে মাঠে নামবেন। ক্রুইফ বললেন, ‘এমিলি মিঠুনকে তো ডাকাই হয়েছিল। কিন্তু তাদের তো রাখা গেলো না। এমিলি ক্যাম্পেও এসেছিলেন। ফিরে যেতে হলো।’ স্ট্রাইকার হিসাবে কে খেলবেন জানতে চাইলে কোচ আমিনুর রহমান সজিবের নাম বলেছেন। বিজেএমসির এই স্ট্রাইকার সজিবকে পছন্দ করেছেন কোচ। তার শারীরিক গঠনও ভালো। কিন্তু প্রথম ঘোষিত ২৫ জনের তালিকায় তার নাম ছিল না। অনুশীলনে খেলোয়াড় সংকট হওয়ায় এবং মিঠুন ও এমিলির শারীরিক অবস্থার কারণে দ্বিতীয় দফায় চারজনকে ডাকা হলে সজিব ক্যাম্পে আসেন। ২১ বছর বয়সী এই তরুণ হয়তো চূড়ান্ত দলে ঠাঁই পেয়ে যেতে পারেন। নিজেকে দেখানোর একটা সুযোগ আসছে তার সামনে। বুধবার বিকালে বিকেএসপিতে আলোচনায় ক্রুইফ সজিবের নামটি বললেন। আরেক স্ট্রাইকার ওয়াহেদ আহমেদও আছেন দলে। সজিব এবং ওয়াহেদ মিলে হয়তো স্ট্রাইকারের দায়িত্ব পালন করবেন। ইনচিওন এশিয়ান গেমস ফুটবলে যেতে না পারায় এমিলির দুঃখ হচ্ছে। এমিলি এ প্রসঙ্গে বলেন, ‘আমি তো খেলতে চেয়েছিলাম। ক্যাম্পে গিয়েছিলাম। কিন্তু এক মাস ৫ দিন মাঠের বাইরে থাকায় ফিট হতে পারিনি। সময় লাগবে।’ মোহামেডান অধিনায়ক এমিলি বললেন, ‘অন্তত দুই সপ্তাহ কেটে যাবে ফিট হতে। কারণ ডাক্তার এখন জিম করতে বলেছেন।’ স্ট্রাইকার সংকট নিয়ে বাফুফের সহসভাপতি বাদল রায় বললেন, ‘আমাদের সবসময় স্ট্রাইকার সংকট থাকেই। আমরা এখনও শেখ মোঃ আসলামদের পর ভালো মানের স্ট্রাইকার তৈরি করতে পারিনি। আমাদের এক্ষেত্রে আরো বেশি কাজ করা উচিত।’ এশিয়ান গেমস ফুটবলে ১৮ জন খেলোয়াড় যাবেন বলে জানা গেছে। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ১৭তম এশিয়ান গেমস। ১৪ সেপ্টেম্বর ফুটবল শুরু হবে।