বার্সাকে হারিয়ে উচ্ছ্বসিত নেপোলি কোচ

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:৫২
নেপোলি প্রাক মৌসুম প্রীতি ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। ইতালির ক্লাবটির এ জয়ের পর কোচ রাফায়েল বেনিতেজ বলেছেন বার্সেলোনাকে হারানোটা সবসময়ই আনন্দের। ভিয়েনায় গত বুধবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে সুইস মিডফিল্ডার বে¬রিম জেমালির একমাত্র গোলে নেপোলি জয় নিয়েই মাঠ ছাড়ে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে জেমালির শক্তিশালী হাফ ভলিতে বার্সেলোনার নতুন গোলরক্ষক ক্লডিও ব্র্যাভো পরাস্ত হন। দ্বিতীয়ার্ধে ১০টি পরিবর্তন আনা বেনিতেজ খেলোয়াড়দের এই পারফরমেন্সে দারুণ সন্তুষ্ট। নতুন মৌসুমকে সামনে রেখে খেলোয়াড়রা যেভাবে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেটাই বেনিতেজকে বেশি উচ্ছ্বসিত করে তুলেছে। বেনিতেজ খেলা শেষে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, ‘বার্সেলোনার বিপক্ষে জয়টা সবসময়ই বিশেষ কিছু। এই জয়ের প্রশংসা পুরোটাই খেলোয়াড়দের। এই ম্যাচে কোন ব্যক্তি আলাদা করে নয় পুরো দলই ভাল খেলেছে যা খুবই গুরুত্বপূর্ণ। আক্রমণ এবং রক্ষণভাগ উভয় দিকেই আমরা ভাল করেছি। প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম ভাগটা তাই আমাদের দারুণ কেটেছে। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। এর অর্থ হচ্ছে আমাদের পরিশ্রম সফল হয়েছে। এভাবেই আমরা চালিয়ে যেতে চাই।’ তিন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি, নেইমার ও নিষেধাজ্ঞার মধ্যে থাকা সুয়ারেজকে ছাড়াই নেপোলির মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এরপরও বেশকিছু সুযোগ পেয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু এগুলো গোলে পরিণত করতে পারেনি আক্রমণভাগ। ম্যাচের শেষ পর্যায়ে ব্র্যাভোর ভুলে কড়া মূল্য দিতে হয় লুইস এনরিখের শিষ্যদের। নতুন কোচের তত্ত্বাবধানে প্রাক মৌসুমে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচেও তিন তারকা স্ট্রাইকার না থাকায় শক্তিশালী রক্ষণভাগ এবং মিডফিল্ড নিয়ে মাঠে নামে বার্সা। স্প্যানিশ জায়ান্টদের হয়ে গোলপোস্টে অভিষেক হয় ব্র্যাভোর। এছাড়া রক্ষণভাগে ছিলেন মার্টিন মন্টোয়া, জেরার্ড পিকে, মার্ক বারট্রা এবং জর্ডি আলবা। —বাসস/ডেইলি মেইল।