ভারতের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক কপিল দেবের বিশ্বাস, অতিরিক্ত ক্রিকেট খেলার কারণেই ভারতীয় দলের বর্তমান পেসাররা বার বার ইনজুরিতে পড়ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বছরে পাঁচ মাস ক্রিকেট খেলতাম, আজকাল তারা বছরে ক্রিকেট খেলে ১০ মাস।’ ভারতীয় পেসার ইশান্ত শর্মা আবারো ইনজুরিতে পড়ার বিষয়টি উল্লেখ করেন কপিল। বর্তমানে ভারতীয় দলে সবচেয়ে অভিজ্ঞ ও সেরা পেসার ইশান্ত। ক্যারিয়ার সেরা ৭৪ রানে ৭ উইকেট শিকার করে লর্ডসের দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের জয়ের নায়ক। কিন্তু এ ম্যাচেই ইনজুরিতে পড়ে সাউদাম্পটনে তৃতীয় ও ওল্ড ট্রাফোর্ডে চলমান তৃতীয় টেস্ট খেলতে পারছেন না তিনি। কপিল আরো বলেন, ‘একজন খেলোয়াড় কতটা আন্তর্জাতিক ম্যাচ খেলবে সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডেও (বিসিসিআই) ভালভাবে দৃষ্টি দেয়া উচিত।’—বাসস
