অলিম্পিক তারকা সাঁতারু মাইকেল ফেলপসের প্রতিযোগিতামূলক সাঁতারে ফেরাটা ভাল হলো না। ইউএস সুইমিং চ্যাম্পিয়নশীপের ১০০ মিটার ফ্রিস্টাইলে সপ্তম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সর্বকালের সবচেয়ে সফল এই অলিম্পিয়ানকে। যুক্তরাষ্ট্রের এই প্রতিযোগিতায় সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার ফ্রি স্টাইলের ফাইনালটি ছিল অবশ্য তারকা সমৃদ্ধ। প্রথম স্থান পান নাথান আদ্রিয়ান। অবসরের ঘোষণা দেবার পরে দুই বছর কাটিয়ে পুনরায় এপ্রিলে পুলে ফিরে আসেন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা সাঁতারু ফেলপস। নতুনভাবে ফেরার পর ইউএস চ্যাম্পিয়নশীপ তার চতুর্থ প্রতিযোগিতা। তবে এটাই হবে আন্তর্জাতিক কোন মিটে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার তার প্রথম সুযোগ। আগামী ২১-২৫ আগস্ট অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে এই মিট থেকে সাঁতারু বাছাই করবে যুক্তরাষ্ট্র। এই প্রতিযোগিতায় শীর্ষ চার সাঁতারু গোল্ড কোস্টে অংশগ্রহণের সুযোগ পাবে। আর সেটার উপরই নির্ভর করবে ২০১৫ সালে রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশীপের যুক্তরাষ্ট্রের দল বাছাই প্রক্রিয়া।—বাসস
