বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

খুলনায় ভেন্যু পরিদর্শনে যাচ্ছে বিসিবি দল

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:৫৪
জিম্বাবুয়ে দলের অক্টোবরে বাংলাদেশ সফরের সময় খুলনায় একটি টেস্ট আয়োজন করা যায় কিনা তা দেখতে ১১ আগস্ট সোমবার সেখানকার ভেন্যু পরিদর্শনে যাচ্ছে বিসিবি’র গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিস কমিটির একটি দল। এই সফরে ভেন্যু পরিদর্শক দল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, সেখানে খেলোয়াড়দের আবাসন থেকে যাতায়াতের নিরাপত্তা, মিডিয়ার সুব্যবস্থাসহ প্রাসঙ্গিক বিষয়াদি দেখে মঙ্গলবার ঢাকায় ফিরে রিপোর্ট করবে। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। সফরের শুরুতেই টেস্ট সিরিজ। ইতিমধ্যেই সিরিজটির সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী প্রথম দুটি টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। একটি টেস্ট খুলনাতে অনুষ্ঠানের জন্য জোর দাবি ওঠে। খুলনার এই স্টেডিয়ামটি ২০১২ সালের ২১ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মর্যাদা লাভ করে। এরপর সেখানে আর কোন টেস্ট ম্যাচ হয়নি। খুলনাতে টেস্ট খেলার জন্য বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবি’র কাছে জোর দাবি জানানোর প্রেক্ষিতে সেখানে টেস্ট ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা করছে বিসিবি। এ লক্ষ্যেই ভেন্যুটি পরিদর্শনে বিসিবি’র গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে খুলনা যাচ্ছেন চার সদস্যের এক দল। দলটির বাকি সদস্যরা হলেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বিসিবি’র হেড অফ সিকিউরিটি মেজর ইমাম, ক্রিকেট অপারেশন কিমিটির ম্যানেজার সাব্বির খান।