মন্ত্রীর বাংলোতে থাকবেন ক্রুইফ

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:৫৪
বিকেএসপিতে বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচদের জন্য নতুন আবাসন ব্যবস্থা করা হয়েছে। গতকালই বাফুফে বিকেএসপির অভ্যন্তরে বাংলোতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। মন্ত্রীর সমপর্যায়ের ব্যক্তিবর্গের জন্য নির্ধারিত বাংলোতে ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ এবং তার সহকারী রেনে কেস্তারকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বাংলোতে কোচদের থাকার ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। একই সাথে তাদের চাহিদা অনুযায়ী খাদ্য সরবরাহ করা হয়েছে। বাফুফে সাধারণ সম্পদাক জানিয়েছেন, আমরা আগেও উন্নতমানের খাবার সরবরাহ করেছি। তারা যেটা যেভাবে চেয়েছে। সেভাবেই দেয়ার চেষ্টা করেছি।’ ক্রুইফ বিকেএসপির আবাসিক ক্যাম্পের অব্যবস্থাপনার কথা বলেছেন, তা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, প্রথম দিনের ক্যাম্প আর এখনকার ক্যাম্পের মধ্যে বিরাট ফারাক। সব কিছু এক দিনে পরিবর্তন করা যায় না। তার পরও আমরা চেষ্টা করেছি খেলোয়াড়দের স্বার্থে যত দ্রুত সম্ভব আবাসিক ব্যবস্থা উন্নত করে দেয়া। আমরা প্রতিটি ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করেছি। সেই সাথে কোচদের তিন মাসের বেতনও গত মঙ্গলবার দেয়া হয়েছে।’ কোচ বিকেএসপির ক্যাম্প নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে বাফুফের কর্মকর্তা আজ যাবেন। সরেজমিনে দেখবেন। একই সাথে সব চাওয়া পূরণ করে এশিয়ান গেমসের রেজাল্ট নিয়ে আসার কথাটাও জানিয়ে দেবেন বলে জানা গেছে।