দাবা অলিম্পিয়াড

জিয়ার ড্রয়ের দিনে শিরিনের জয়

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:৫৫
বিশ্ব দাবা অলিম্পিয়াডে পেরুর কাছে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। বুধবার নরওয়েতে পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ পেরুর কাছে ৩-১ পয়েন্টে হেরেছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব পেরুর গ্র্যান্ড মাস্টার করি জর্জের কাছে এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ সাগর হেরেছেন পেরুর আরেক গ্র্যান্ড মাস্টার ক্রুজ ক্রিশ্চিয়ানের কাছে। এই দুই জন হারলেও ড্র করেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এবং আব্দুল্লাহ আল রাকিব। ২৫২৩ রেটিংয়ের জিয়া পেরুর ২৬৬৩ রেটিং প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ডা জুনিগা জুলিওর সাথে ড্র করেন। ২৫২২ রেটিংয়ের গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ড্র করেন ২৬২৯ রেটিংয়ের গ্র্যান্ড মাস্টার করডোভা এমিলিওর সাথে। ওপেন রাউন্ডের খেলায় বাংলাদেশ ৫ খেলায় ৫ ম্যাচ পয়েন্ট এবং ১০ গেম পয়েন্ট পেয়েছে। পেরু বিশ্ব দাবা অলিম্পিয়াডের ২০ নম্বর দল। নরওয়ের ট্রমসো শহরে অনুষ্ঠানরত ৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের পুরুষ দাবাড়ুরা না জিতলেও জিতেছেন মহিলা দাবাড়ু শারমিন সুলতানা শিরিন। পঞ্চম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন (১৯৮৪) আইসল্যান্ডের জাহান্সডোট্টিরকে (১৮৬২) হারিয়েছেন। শিরিনের জয়ের দিনে ড্র করেছেন রানী হামিদ। আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ আইসল্যান্ডের থসটিনডট্টির হলগারদুর (১৯৮২) সাথে ড্র করেছেন। আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা (২১৪৭) আইসল্যান্ডের গ্র্যান্ড মাস্টার চানিকোভা লেনকুর (২২৭৩) কাছে এবং ফিদে মাস্টার জাকিয়া সুলতানা (১৯৬৪) ফিনব গাডট্টির টিন্না ক্রাইসটিনর (১৯১৫) কাছে হেরেছেন। মহিলা দাবাড়ুরা পাঁচ খেলায় ৪ ম্যাচ পয়েন্ট এবং ৯ গেম পয়েন্ট পেয়েছে। গতকাল বৃহস্পতিবার খেলার বিরতি ছিল। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ওপেন দল সিঙ্গাপুরের বিরুদ্ধে এবং মহিলা দল চাইনিজ তাইপের বিরুদ্ধে খেলবে।