অবশেষে প্রতীক্ষার অবসান হলো। নিজের সবচেয়ে জনপ্রিয় সিক্যুয়েলের নতুন নাম প্রকাশ করলেন তিনি। জানালেন নিজেই আর্নল্ড শেয়ার্জনেগার। ‘টার্মিনেটর :জেনেসিস’ নামে সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের পয়লা জুলাই।
জেমস ক্যামেরনের ১৯৮৪ সালের সিনেমা ‘দ্য টার্মিনেটর’-এর মাধ্যমেই খ্যাতির মুখ দেখেন মার্কিন অভিনেতা আর্নল্ড শেয়ার্জনেগার। এরপর একে একে সিরিজের আরও দুই পর্ব ‘টার্মিনেটর টু :জাজমেন্ট ডে’ এবং ‘টার্মিনেটর থ্রি :রাইজ অব দ্য মেশিনস’-এও অভিনয় করেছিলেন শেয়ার্জনেগার।
জনপ্রিয় এই সিরিজের চতুর্থ সিনেমা ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘টার্মিনেটর স্যালভেশন’-এই কেবল দেখা যায়নি শেয়ার্জনেগারকে। সবাই ধরেই নিয়েছিলেন সাই-ফাই এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিকে হয়তো বিদায় দিয়েছেন এই অভিনেতা।
২০১১ সালে ইউনিভার্সাল পিকচার্স স্টুডিওর পক্ষ থেকে ঘোষণা আসে সিরিজের পঞ্চম সিনেমাটি তৈরির। সেই সঙ্গে শেয়ার্জনেগারও নিশ্চিত করেন আরও একবার টার্মিনেটররূপে তার প্রত্যাবর্তনের।
ক্রিস মর্গানের চিত্রনাট্যে সিনেমাটি শুরুতে পরিচালনা করার কথা ছিল জাস্টিন লিনের। তবে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ খ্যাত এই পরিচালক সরে দাঁড়ালে, পরিচালনার দায়িত্ব বর্তায় ‘থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড’ খ্যাত নির্মাতা অ্যালান টাইলরের ওপর।
সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এমিলিয়া ক্লার্ক, জেসন ক্লার্ক এবং জেই কোর্টনি।
