জাপানের প্রতিরক্ষা নীতি স্ববিরোধী:চীন

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৫২
জাপানের সর্বশেষ প্রতিরক্ষা নীতিকে স্ববিরোধী বলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে জাপানের দেয়া বক্তব্যের সাথে দেশটির এই পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, জাপানের প্রতিরক্ষা শ্বেতপত্রে সত্যকে উপেক্ষা করা হয়েছে এবং চীনের স্বাভাবিক সামরিক উন্নতির ব্যাপারে অ-দায়িত্বশীল মন্তব্য করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। জাপানের মন্ত্রিসভা, ২০১৪ সালের জন্য প্রতিরক্ষা নীতির খসড়া অনুমোদন দিয়েছে গত বুধবার। এতে চীনের সামরিক উন্নতি, উত্তর চীন ও দক্ষিণ চীন সাগরে দেশটির কর্মকাণ্ড ও পূর্ব চীন সাগরে বিমান প্রতিরক্ষা এলাকা ঘোষণার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। হুয়া বলেন, জাতীয় ও আন্তর্জাতিক আইন মেনে আকাশ ও সাগরে সামরিক কর্মকাণ্ড চালানোর অধিকার চীনের আছে। চীন চায় ভূখণ্ড ও সাগরের সীমানা নিয়ে যেকোন বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করতে। তিনি বলেন, জাপানের প্রতিরক্ষা শ্বেতপত্রের ’চীনা হুমকি’ কথাটি অবজ্ঞাসূচক। জাপান এখন দ্বিতীয় মহাযুদ্ধের পর আরোপ করা নিষেধাজ্ঞা কাটিয়ে তার সামরিক শক্তি দ্রুত বাড়াতে চাচ্ছে।