সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার পারমাণবিক বিষয় নিয়ে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা সরাসরি বৈঠক করেছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংকট সমাধানের প্রচেষ্টার অংশ হিসাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে আশানুরূপ কোন অগ্রগতি হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বৈঠকে ইরানি প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন দুই উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ও মাজিদ তাখতে রাভানচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস। ইরানের পরমাণু আলোচক দলের একজন কর্মকর্তা জানান, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় মতপার্থক্য থাকা বিষয়গুলো নিয়ে কথা বলার পাশাপাশি দৃষ্টিভঙ্গিগত দূরত্ব কমিয়ে আনা হবে জেনেভা বৈঠকের প্রধান উদ্দেশ্য। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সর্বশেষ বৈঠক হয় গত জুলাই মাসে।
