শিক্ষাবিদ ও সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আদিবাসী হোক আর যে গোষ্ঠীরই হোক আমরা সবাই মানুষ। আমাদের অনুভূতি এক। তিনি বলেন, যারা বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনযাত্রার ধারক তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। গতকাল বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘বিশ্বভরা প্রাণ’ শীর্ষক এভারেস্টজয়ী এম এ মুহিত, তারেক অনু ও ইনাম আল হকের যৌথ আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর ছবিগুলোতে আদিবাসী মানুষের জীবন উঠে এসেছে।
মুহম্মদ জাফর ইকবাল আরো বলেন, আমরা স্বভাবতই ভাগ করতে ভালোবাসী। হিন্দু, খ্রিস্টান, মুসলমান। মুসলমান হবার পরে বলি তুমি শিয়া, তুমি সুন্নি। এসব করে বিভেদ বাড়ে কোন লাভ হয় না। জাতি ভিন্ন হতে পারে, কিন্তু সব মানুষ এক। তাদের হাসি, আনন্দ, কান্না এক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্পী কনক চাঁপা চাকমা, ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাকটিং হেড অব কো অপারেশন গনজালো সেরানো। বিশেষ অতিথি ছিলেন গাজী টায়ারসের হেড অব মার্কেটিং তরুণ চন্দ্র রাজবংশী, সিটিসেল এর হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স এন্ড পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ, ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের মার্কেটিং ম্যানেজার মোঃ আবদুল্লাহ আল-মামুন। সভাপতিত্ব করেন দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার।
প্রদর্শনী প্রসঙ্গে এম এ মুহিত বলেন, পাহাড়ে ঘুরে বেড়ানোর ফাঁকে অনেক ছবি তুলেছি গত ১২ বছরে। সেসব ছবির মধ্য থেকে বাছাই কার কিছু ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীতে এম এ মুহিতের ২৭টি, অনু তারেকের ১৭টি ও ইনাম আল হকের ১৯টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।
