‘তোবা শ্রমিকদের মুক্ত করতেই হস্তক্ষেপ’

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২১:২৮
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শ্রমিকদের কল্যাণেই ট্রেড ইউনিয়নকে সকল ধরনের রাজনৈতিক বেড়াজালের বাইরে রাখতে হবে। একই সাথে সুষ্ঠু ট্রেড ইউনিয়ন চর্চাকে নিশ্চিত করতে শ্রমিক-মালিক-সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, তোবা কারখানার শ্রমিকদের মুক্ত করতেই সরকার হস্তক্ষেপ করেছে। তোবা শ্রমিকদের আটকে রেখে মারপিট করা হলে এবং তাদের বিজিএমইএ ভবনে মজুরি নিতে বাধা দেয়ায় তাদের মুক্ত করতে সরকার এই হস্তক্ষেপ করতে বাধ্য হয়। শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘পাবলিক পার্লামেন্ট’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতায় মক স্পিকার হিসাবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তোবা গার্মেন্টসে সংঘটিত ঘটনা সম্পর্কে শাজাহান খান আরও বলেন, তোবার আন্দোলনে শ্রমিকদের মাঝে বিভক্তি ছিল ফলে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। গার্মেন্টস শ্রমিকদের স্বার্থরক্ষায় সরকার ও ট্রেড ইউনিয়নের ভূমিকা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি বিজয়ী হয়।