অঘটনে ভরা এক রাতে ডব্লিউটিএ মন্ট্রিল হার্ডকোর্ট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মারিয়া শারাপোভা। হেরে গেছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই পেত্রা কোভিতোভাও। চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের আগে এই হারটা তাই দুই তারকার জন্য বড় ধাক্কা হিসাবেই আসলো। তবে ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন চ্যাম্পিয়নের হারের রাতে সহজ জয় পেয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস।
রাশিয়ার একেতেরিনা ম্যাকারোভার কাছে কোভিতোভা হেরে গেছেন ৬-৪, ১-৬, ৬-২ গেমে। অন্যদিকে কার্লা সুয়ারেজ নাভারোর কাছে শারাপোভা হার মেনেছেন ৬-২, ৪-৬, ৬-২ গেমে।
এ বছর এখন পর্যন্ত একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারা সেরেনা লুসি সাফারোভাকে উড়িয়ে দিয়েছেন ৭-৫, ৬-৪ গেমে।
এ মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসাবেই বিবেচনা করা হয় মন্ট্রিলের এই টুর্নামেন্টটিকে। সেই হিসাবে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের প্রস্তুতিটা মোটেই ভাল হল না শারাপোভার। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে এই রুশ গ্ল্যামার কুইন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি নাভারোর সঙ্গে। র্যাঙ্কিংয়ে ষোড়শ স্থানে থাকা এই স্প্যানিয়ার্ড শুরু থেকেই খেলেছেন দারুণ আক্রমণাত্মক ভঙ্গিতে।
দৃষ্টিনন্দন সব ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ডে প্রতিপক্ষকে নাজেহাল করে দিয়ে প্রথম সেটটা সহজেই জিতে নেন তিনি। নিজের পারফরম্যান্সের পাশাপাশি নাভারোর জয়ে অবদান ছিল শারাপোভার ক্রমাগত আনফোর্সড এররগুলোরও। ম্যাচের ভাগ্য নির্ধারণী তৃতীয় সেটে মূলত বাজে সার্ভেরই খেসারত গুনতে হয় শারাপোভাকে। মাঝে দ্বিতীয় সেটটি জিতে অবশ্য ম্যাচে ফেরার খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
ম্যাচে শেষে সেটা নিজেও স্বীকার করলেন এই তারকা, ‘ম্যাচের শুরু থেকেই ছন্দ খুঁজে ফিরছিলাম আমি। পুরো ম্যাচেই আমি ছিলাম কোণঠাঁসা, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমার। কোন সন্দেহ নেই কঠিন একটা ম্যাচ ছিল এটা। তবে এটাও সত্যি আমার প্রতিপক্ষও দারুণ খেলেছে। (দ্বিতীয় সেটে) যদিও আমার মনে হচ্ছিল আমি নিজেকে কিছুটা ফিরে পাচ্ছি, তবে শেষ পর্যন্ত সেটা যথেষ্ট ছিল না।’
শেষ আটে নাভারো মুখোমুখি হবেন ভেনাস উইলিয়ামসের। তৃতীয় রাউন্ডে ভেনাস পরাজিত করেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে।
বড় বোনের পথ অনুসরন করে জয় তুলে নিয়েছেন সেরেনাও। সরাসরি ব্যবধানে বাঁহাতি সাফারোভাকে হারিয়ে র্যাঙ্কিং শীর্ষ নিজের ২০০ তম সপ্তাহটা দারুণভাবেই উদযাপন করেছেন তিনি। গত সপ্তাহে স্ট্যানফোর্ডে এবছরে নিজের চতুর্থ ডব্লিউটিএ টুর্নামেন্ট জেতা এই আমেরিকানের ইউএস ওপেনের প্রস্তুতিও তাই চলছে খুব ভালভাবেই।
উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নেয়া উইলিয়ামস বোনদের ছোটজন নিজের পারফরম্যান্সেও তাই দারুণ সন্তুষ্ট। শারাপোভার যেখানে দুর্বলতা ছিল চোখে পড়ার মতো, সেই সার্ভে সেরেনা ছিলেন রীতিমতো বিধ্বংসী। সবচেয়ে বেশী বয়সী মহিলা টেনিসের এই এক নম্বর বললেন সেটাও, ‘সার্ভের ক্ষেত্রে আমি ছিলাম দুর্দান্ত। অবশ্য ভালো সার্ভের কোন বিকল্প ছিল না আমার জন্য। কারণ, অন্যপ্রান্ত থেকে সে (সাফারোভা) দুর্দান্ত সব সার্ভ করছিল।’
কোয়ার্টার ফাইনালে গতকাল রাতেই ক্যারোলিন ওজনিয়াকির মুখোমুখি হবার কথা ছিল সেরেনার। একাদশ বাছাই ওজনিয়াকি ৬-১, ৬-০ গেমে আমেরিকার শেলবি রজার্সকে হারিয়ে শেষ আটের টিকেট কাটেন। এএফপি
