ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভারতের বিপক্ষে বৃষ্টির বাধার মুখে পড়েছে স্বাগতিক ইংল্যান্ড। গতকাল টেস্টের দ্বিতীয় দিন ৩৭ ওভারের খেলা শেষ হতেই শুরু হয় বৃষ্টি। দুপুর সোয়া ২টা থেকে শুরু হওয়া বৃষ্টি চা বিরতির সময়ও চলছিল। আগের দিন বৃহস্পতিবার, টেস্টের প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ১১৩ তুলেছিল ইংলিশরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ২৩৭ রান নিয়ে ব্যাট করছে তারা। এর আগে ভারত প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৫২ রানে।
গতকাল দিনের শুরুতে দলীয় স্কোরে ২৩ রান জমা পড়তেই পেসার ভুবনেশ্বর কুমারের বলে দলীয় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিরে আসেন ক্রিস জর্ডান। দলীয় ১৪০ রানে ভুবনেশ্বরের বলেই ৫৮ রান করা ইয়ান বেল সাজ ঘরে ফেরেন। ষষ্ঠ উইকেটে মইন আলী-জো রুট ৩০ রানের জুটি গড়ে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে তুলার চেষ্টা করেন। কিন্তু তাতে বাঁধা হয়ে দাঁড়ান বরুন অ্যারন। তার বলে বোল্ড হন মইন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ছিলেন রুট-জোস বাটলার জুটি। বৃষ্টির শুরু হওয়ার আগ পর্যন্ত এ জুটির সংগ্রহ ছিল ৬৭ রান। অর্ধশতক থেকে দুই রান দূরে ছিলেন রুট; ২২ রান নিয়ে অপরাজিত ছিলেন বাটলার। অতিথি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন পেসার ভুবনেশ্বর কুমার ও বরুন অ্যারন। এর আগে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানেই গুড়িয়ে যায় ভারত। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনের তোপের মুখে ভারতের অধিকাংশ ব্যাটসম্যানই অসহায় আত্মসমর্পণ করেন। ব্যক্তিগত রানের খাতা খোলার সুযোগই পাননি ভারতের ছয় ব্যাটসম্যান।
এমন বাজে ইনিংস খেলার পরও প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভারতের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। অশ্বিন বলেন, ‘এমন উইকেটে রানের সংখ্যা দেখলে হবে না। উইকেটে এমন কিছু ছিল, যা থেকে বোলাররা সুবিধা পেয়েছে। সত্যিই তারা দুর্দান্ত বল করেছে। তবে আমরা আরো কিছু রান পেতে পারতাম। এটা ঠিক যে, আমাদের কাছে অধিক রান প্রত্যাশা করা হয়। আমরাও শেষ পর্যন্তই তা করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তবে আমি বলবো আমরা এখনো খেলায় আছি।’
দলীয় আট রানেই প্রথম সারির চার উইকেট হারিয়ে ফেললে শুরুতে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ভারত। ঘুরে দাঁড়াতে পারেনি পরের সারির ব্যাটসম্যানরাও। এ জন্য ওল্ড ট্রাফোর্ডের কন্ডিশনকেই দুষলেন অশ্বিন, ‘উইকেট অন্য ভেন্যুগুলোর মতোই ছিল। কিন্তু কন্ডিশন ছিল কিছুটা ভিন্ন। সবার পরামর্শক্রমেই আমরা টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিলাম। সবচেয়ে বড় কথা তারা অনেক ভাল বল করেছে। এখানকার কন্ডিশনের ফায়দা পুরোটাই তারা আদায় করেছে।’
