দক্ষিণ আফ্রিকা ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেছেন, ২০১৫ আইসিসি বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হয়ে যাওয়ায় অবসরে যাওয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের বিকল্প খুঁজে পাওয়াটা এখন খুবই গুরুত্বপূর্ণ।
জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে ভিলিয়ার্স বলেন, ‘অবশ্যই ক্যালিসের অভাব অনুভূত হবে। একটি অসাধারণ ক্যারিয়ার ছিল তার।’ একমাত্র টেস্ট এবং এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ে সফরে যাচ্ছে দক্ষিণ আফিকা দল।
তারুণ্য নির্ভর প্রোটিয়াস দলে রয়েছেন কাগিসো রাবাডা এবং এমথোকোজিসি শেজির মত নতুন মুখের খেলোয়াড়রা। আর গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্যালিসের পরিবর্তে সরাসরি দলে এসেছেন রিলি রোসোউ। ভিলিয়ার্স বলেন, ‘এটা খুবই উত্তেজনাকর। দলে যে সকল নতুন মুখ এসেছে তারা অতীতে ভাল করার পরই সুযোগ পেয়েছে। ইতোমধ্যেই তারা প্রমাণ করেছে যে, এ পর্যায়ে খেলার যোগ্যতা তারা রাখে।’
আগামী বছরের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে পার্শ্ববর্তী দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এ ব্যাপারে ডি ভিলিয়ার্স বলেন, সফরটি দলের অবস্থা সম্পর্কে জানার জন্য খুবই ভাল হবে। তিনি বলেন, ‘তাদের জন্য এটা খুবই ভাল পরীক্ষা এবং চ্যালেঞ্জের হবে। পাশাপাশি দলে আসা নতুন মেধাবীদের সম্পর্কে জানতে আমাদের জন্যও একটা ভাল সুযোগ। বিশ্বকাপের আট মাস আগে সব সময়ই দলে স্থান খালি থাকে এবং পছন্দমত খেলোয়াড় পাওয়া যায়।’
নতুন মুখ রোসোউকে দলে পেয়ে দারুণ উত্তেজিত কোচ রাসেল ডোমিঙ্গো, ‘দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে তার সঙ্গে আমি বাংলাদেশ সফর করেছি এবং সব সময়ই তাকে আমার একজন বিশেষ ধরনের খেলোয়াড় মনে হয়েছে। ম্যাচ জয়ের ক্ষমতা সব সময়ই তার মধ্যে ছিল। সুতরাং সে দলে সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। গত ২/৩ বছর যাবত সে ধারাবাহিকভাবে ভাল করে আসছে।’
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর অস্ট্রেলিয়াসহ তিন জাতির একটি সিরিজও খেলবে প্রোটিয়াসরা। ডোমিঙ্গো বলেন, হারারে এবং বুলাওয়ের পিচ সম্পর্কে খুব বেশি না জানলেও এটা কিছুটা ফ্লাট হবে বলে ধারণা করছেন তিনি। তিনি বলেন, ‘প্রকাশিত রিপোর্ট অনুসারে আমি যতটা জেনেছি সেখানে ফ্লাট উইকেট তৈরি করা হবে, যার আমাদের জন্য ভাল হবে।’
আগামী বছর উপমহাদেশে ভারত ও বাংলাদেশে আমরা অনেক ক্রিকেট খেলব সুতরাং একই ধরনের কন্ডিশনে খেলার জন্য আমরা ভালভাবে প্রস্তুতি নিতে পারব এবং অবশ্যই আমাদের জন্য সহায়ক হবে।’—বাসস
