ধারে সান্তোসে ফিরলেন রবিনহো

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২২:০০
ব্রাজিলের তারকা ফুটবলার রবিনহো এসি মিলান ছেড়ে গত বৃহস্পতিবার ধারে দেশের ক্লাব সান্তোসে ফিরে গেলেন। তিনি আগামী জুন পর্যন্ত ক্লাবটিতে খেলবেন। ২০০২ সালে এই ক্লাবের হয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন রবিনহো। রবিনহো এর আগেও দুই দফায় ব্রাজিলের ক্লাবটিতে খেলেন। সে হিসেবে এটি হতে যাচ্ছে তার তৃতীয় অভিষেক। শুধু তাই নয় সান্তোস কোচ অসওয়াল্ডো দ্য অলিভিয়েরা জানিয়েছেন, আগামীকাল রবিবার করিন্থিয়ান্সের বিরুদ্ধে খেলাটিতেই তাকে মাঠে দেখা যেতে পারে। এ দফায় তিনি সাত নম্বর জার্সি গায়ে চাপাবেন। দেশের ক্লাবে ফেরার ব্যাপারে বলেন, ‘এটা আমার বাড়ি, এটা এমন এক জায়গা যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং যেখানে আমি ফুটবলের জন্য জন্মেছি।’ অপরদিকে কোচ অলিভিয়েরা বলেন, ‘আগামীকালকের খেলার জন্য ক্লাবটি গভীর আত্মবিশ্বাসের সাথেই তার নাম তালিকায় রাখবে। তাকে নিয়ে ধীরে এগোনো হবে। কারণ নতুন সঙ্গীদের সাথে তার বোঝাপড়ার দরকার আছে। তাকে অবশ্য সান্তোস দলে ঘন ঘন দেখা যাবে।’ বর্তমানে ৩০ বছর বয়সী রবিনহো ২০১০ সাল থেকেই এসি মিলানে খেলছেন। এরও আগে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন তিনি। এএফপি/সাম্বাফুট