প্রথমবারের মতো বিশ্ব কাবাডি লিগ শুরু হচ্ছে আজ শনিবার লন্ডনে। বলিউড তারকা অক্ষয় কুমার ও সোনাক্ষি সিনহা উচ্চাভিলাষী এই টুর্নামেন্টটিতে দল কেনায় তা বাড়তি মাত্রা যোগ করতে যাচ্ছে।
আটটি দল অংশ নিচ্ছে এতে। এর মধ্যে আবার পাকিস্তানের একটি দলকেও রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও ভারত মিলিয়ে চার মাস ধরে চলবে প্রতিযোগিতাটি। সব দলে আন্তর্জাতিক খেলোয়াড়রা থাকায় আসরটি বৈচিত্রময় হয়ে উঠতে পারে। হকি কিংবদন্তি পারগাত সিং হলেন লিগটির কমিশনার। এতে অংশ নিচ্ছে খালসা ওয়ারিয়র্স, বিখ্যাত গায়ক হানি সিংয়ের ইয়ো ইয়ো টাইগার্স, ভ্যাংকুভার লায়ন্স, পাঞ্জাব থান্ডার, লাহোর লায়ন্স, ইউনাইটেড সিংস, ক্যালিফোর্নিয়া ইগলস ও রয়্যাল কিংস। সব মিলিয়ে ১৪৪ জন আন্তর্জাতিক খেলোয়াড়ের অংশগ্রহণে ৯৪ খেলায় বিজয়ী দল পাবে এক কোটি ৭০ লাখ ভারতীয় রুপি। পিটিআই
