দুঙ্গার মতো সুযোগ চান ম্যারাডোনাও

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২২:০১
আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ও কোচ দিয়েগো ম্যারাডোনা বলেছেন, দুঙ্গার মতো তাকেও পুনরায় দেশটির ফুটবল কোচ হতে প্রস্তাব দেয়া উচিত। এ প্রসঙ্গে তিনি মত দেন যে সম্প্রতি সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা কোনো ম্যাচই ভাল করে জিততে পারেনি। দুঙ্গা এবারের বিশ্বকাপে বিপর্যয়ের পর লুই ফিলিপ স্কলারি বরখাস্ত হওয়ার প্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো ব্রাজিল কোচ হিসেবে ফিরে আসেন। এর আগে ২০১০ সালের বিশ্বকাপে ব্রাজিল দলের কোচ ছিলেন তিনি। ম্যারাডোনা বলেন, ব্রাজিল যেমন দুঙ্গাকে পুনরায় কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তাকেও সেভাবে আবার আর্জেন্টিনার কোচ হওয়ার প্রস্তাব দিতে পারতেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা। তার দলও থেমে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। কোচ দুঙ্গার মতো সেবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল ম্যারাডোনার দলও। শেষ পর্যন্ত স্ব স্ব ফেডারেশন দুঙ্গা ও ম্যারাডোনাকে বরখাস্ত করে। ম্যারাডোনা মনে করছেন দুঙ্গার মতো আর্জেন্টিনার দলের বিদায়ী কোচ আলেসান্দ্রো সাবেলার স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য তিনি। ওলেকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘দলে এখন কোনো কোচ নেই। তাছাড়া আমি আর্জেন্টিনার হয়েই খেলেছি। ব্রাজিল যদি দুঙ্গাকে ফের ডাকতে পারে, তবে আর্জেন্টিনা আমাকে ডাকবে না কেন? যাইহোক দুবাইয়ে আমি সুখেই আছি। আমাকে কারো কাছে হাঁটু গেড়ে বসতে হবে না।’ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারার পর আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ান সাবেলা। ধারণা করা হচ্ছে, তার জায়গায় বার্সেলোনার সাবেক কোচ জেরার্ডো মার্টিনো বসবেন। বুয়েন্স এয়ার্স হেরাল্ড জানায় ইতোমধ্যে মার্টিনোর সাথে বৈঠকেও বসেছিল আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন। এ সপ্তাহের শুরুতেই হয়তো তার ব্যাপারে ঘোষণা আসবে। ব্রাজিলে রানার্স-আপ হওয়া আর্জেন্টিনা ১৯৯০ সালের পর এবারই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনাল খেললো। এরপরও ২০১৪ বিশ্বকাপের দলটির পারফরম্যান্স খুব বেশি ভাল ছিল বলে মনে করছেন না ম্যারাডোনা। তার মতে এবারের বিশ্বকাপে কোনো ম্যাচেই আর্জেন্টিনা পুরো ৯০ মিনিট পুরোপুরি দাপট দেখাতে পারেনি। আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতানো এ কিংবদন্তি বলেন, ‘আমি সাবেলার প্রতি রূঢ় হতে চাই না, খেলোয়াড়দের প্রতিও না। তারপরেও আমি মনে করি আর্জেন্টিনা একটি ম্যাচও ভালোভাবে জিততে পারেনি। আপনি টুর্নামেন্টের ভাল উত্তরণগুলো দেখতে পারেন। এ ক্ষেত্রে আমরা ভাল খেলেছি, এমন একটি ম্যাচও কেউ খুঁজে পাবে না।’ প্রসঙ্গত, ২০১০ সালে বিশ্বকাপে ব্যর্থতার পর আর্জেন্টিনার কোচের পদ হারান ম্যারাডোনা। এরপর ২০১১-১২ মৌসুমে দুবাইয়ে আল ওয়াসলের কোচিংয়ের দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে ৫৩ বছর বয়সী ম্যারাডোনা দুবাইয়ের ক্রীড়া দূতের দায়িত্ব পালন করছেন। —গোল ডটকম