হারলেন জোকোভিচ-ওয়াওরিঙ্কা ফেদেরারের জয়

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২২:০১
মহিলা এককের মতোই রজার্স কাপের পুরুষ এককও গত বৃহস্পতিবার রাতে জন্ম দিয়েছে বেশ কিছু অঘটনের। বিদায় নিয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। তার পথ অনুসরণ করেছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই স্টানিস্লাস ওয়াওরিঙ্কাও। ফেভারিটদের বিদায়ের রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার। তবে বাড়তি ঘাম ঝরাতে হয়েছে তাকেও। অন্যদিকে, অ্যান্ডি মারের বিরুদ্ধে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন দ্বাদশ বাছাই রিচার্ড গ্যাসকুয়েট। আগের ম্যাচে গায়েল মনফিলসের বিরুদ্ধে হারের একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন জোকোভিচ। সে যাত্রা বেঁচে গেলেও গত বৃহস্পতিবার রাতে আরেক ফরাসি জো উইলফ্রেড সোঙ্গার বিরুদ্ধে ভাগ্য ততটা প্রসন্ন ছিল সার্বিয়ান তারকার। বিশালদেহী সোঙ্গার কাছে প্রায় অসহায় আত্মসমর্পণই করেছেন জোকোভিচ। হেরে গেছেন ৬-২, ৬-২ গেমে। গতমাসে বিয়ের পিঁড়িতে বসা জোকোভিচ ম্যাচ শেষে স্বীকার করে নিলেন, সোঙ্গার শক্তিমত্তার বিপরীতে কোন কিছুই পরিকল্পনা অনুযায়ী করতে পারেননি তিনি। র্যাঙ্কিংয়ে রাফায়েল নাদালের পরে দ্বিতীয় স্থানে থাকা এই তারকা বলেন, ‘আমি যেমনটা ভেবে কোর্টে নেমেছিলাম তার কিছুই করতে পারিনি। কোন কিছুই ঠিকভাবে হচ্ছিল না; বেসলাইন, সার্ভ কোনকিছুই। কোন সন্দেহ নেই বাজে একটা দিন ছিল এটা। নিজের খেলায় খুবই হতাশ আমি। কোন কিছুই করতে পারছিলাম না। সুতরাং, অবশ্যই হতাশ আমি। নির্দিষ্টভাবে কোন জায়গাটায় আমার ভুল ছিল সেটাই খুঁজে বের করতে চাইছি এখন।’ এদিকে, অন্য ম্যাচে ওয়াওরিঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছেন কেভিন অ্যান্ডারসন। এই দক্ষিণ আফ্রিকান ৭-৬ (১০-৮), ৭-৫ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়নকে। এ বছরের শুরুতে কানাডায় ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের এক ম্যাচেও অবশ্য ওয়াওরিঙ্কাকে হারিয়েছিলেন অ্যান্ডারসন। পরাজয়ের পেছনে নির্দিষ্ট কোন কারণ উল্লেখ করতে চাননি ওয়াওরিঙ্কা। তবে অ্যান্ডারসনকে তার প্রাপ্য কৃতিত্বই দিলেন এই সুইস, ‘সাধারণভাবে দেখতে গেলে আমার খেলায় বড় কোন ভুল ছিল না। তবে তার সার্ভগুলো ছিল বিপজ্জনক। সেগুলো মোকাবেলা করতে বেশ সমস্যা হচ্ছিল আমার। তাছাড়া, বাতাসও কিছুটা সমস্যা করছিল। আমি কিছু সুযোগও পেয়েছিলাম। বিশেষত প্রথম সেটে। তবে আমি এমন কিছু ভুল করেছি, যা এ ধরনের ম্যাচে করাটা শোভা পায় না।’ অন্যদিকে, ফেদেরার ক্রোয়েশিয়ার মারিন চিলিসকে হারিয়েছেন ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৬-৪ গেমে। দুই ঘন্টা চল্লিশ মিনিটের ম্যাচ শেষে ফেদেরার জানালেন এই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস আজকের কোয়ার্টার ফাইনালেও সঙ্গী হবে তার। সেমিফাইনালে যাবার লড়াইয়ে আজ স্পেনের ডেভিড ফেরারের মুখোমুখি হবেন তিনি। শেষ আটে ফেরার হারান ইভান ডোডিসকে।—স্কাই স্পোর্টস