ট্রেনের টিকিট কালোবাজারি চক্রকে জাল টিকিট তৈরি ও সরবরাহে সহযোগিতা করার অভিযোগে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে কর্মরত বুকিং ক্লার্ক রেজোয়ানুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বাংলাদেশ রেলওয়ের কম্পিউটার টিকিট সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডের একজন কর্মচারী।
উল্লাপাড়া স্টেশন মাস্টার খান মনিরুজ্জামান জানান, পাবনা জেলার চাটমোহরের বাসিন্দা রেজোয়ানুল বেশ কিছু দিন ধরে স্থানীয় একটি টিকিট কালোবাজারি চক্রকে ট্রেনের জাল টিকিট প্রণয়নে ও সরবরাহে সহযোগিতা করে আসছিলেন। এক সপ্তাহ আগে উল্লাপাড়া স্টেশন থেকে কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী রেলওয়ের প্রাথমিক তদন্তে জাল টিকিট তৈরির সঙ্গে রেজোয়ানুলের সম্পৃক্ততা রয়েছে বলে ধরা পড়ে। এর প্রেক্ষিতে সিএনএস লিমিটেডের মহাব্যবস্থাপক শামীমুল আলম উক্ত বুকিং ক্লার্ককে বরখাস্ত করেন। রেজোয়ানুলকে বরখাস্তের চিঠি বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া স্টেশন মাস্টারের অফিসে পৌঁছেছে।
