মীনা বশির খুব কাছের একজন মানুষ আমার। দেশের গুণী একজন সংগীতশিল্পী। ব্যক্তি মীনা বশির সম্পর্কে বলব তার একটা বড় গুণ হলো তিনি খুবই মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারতেন। ভাবীকে কখনও আমি রাগতে দেখিনি। অন্যকে ছোট করার মনোভাব তার কখনোই ছিল না। আমার একটা অপ্রাপ্তি তার সাথে গান গাওয়ার সুযোগ তেমন হয়নি। শুধুমাত্র বিশেষ কিছু দিবস ছাড়া। ভাবীর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভাবী দেখতে অনেক সুন্দরী ছিলেন। সেই প্রেক্ষিতে আমরা মীনা ভাবীকে প্রায়ই বলতাম, আপনি গান না গেয়ে অভিনয় করলেও পারতেন। প্রতিবারই একগাল হাসি হেসে ভাবীর উত্তর থাকত, গানকেই তিনি ভালোবাসেন এবং শেষ দিন পর্যন্ত গান নিয়েই থাকতে চান। তার ছেলে রাজা বশির ও মেয়ে হোমায়রা বশির দুইজনই বাবা-মায়ের পথ অনুসরণ করে সংগীতাঙ্গনে পা রেখেছে। মীনা ভাবীর সম্পর্কে বললে অনেক কথাই বলতে হয়, তার স্বামীহারা বেদনায় প্রকৃত প্রেমিকার মতোই নিঃসঙ্গ বেদনায় যেন তিনি বশির ভাইয়ের কাছে চলে গেলেন। তার আত্মার মাগফেরাত কামনা করি।
লেখক :প্রখ্যাত কণ্ঠশিল্পী
