ছোটপর্দার জনপ্রিয় মুখ বন্যা মির্জা। একসময়ের নিয়মিত এই অভিনেত্রীর এখনকার ব্যস্ততা অনেকটা সুনসান। তবুও বিশেষ দিনগুলোতে কিছুটা সরব দেখা যায় তাকে। ঈদে একগাদা কাজের ভিড়ে নিজের অবস্থানের উপর ভর করেই করেছেন বেশকিছু নাটক। ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে তার বেশকিছু নাটক। এছাড়াও এই ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘হেড মাস্টার’। বড় পর্দায় এটি বন্যার অভিনীত পঞ্চম কাজ। সরকারি অনুদানের ‘হেড মাস্টার’ ছবিটি পরিচালনা করেন দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটিতে বন্যা মির্জা শিক্ষামন্ত্রীর চরিত্রে অভিনয় করেন। ছবি প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ‘ছবিটির কাজ শেষ করি আরও অনেকদিন আগেই। শেষ পর্যন্ত ঈদে মুক্তি পেল। অনবদ্য এক গল্প নিয়ে করা হয়েছে ছবিটি।’
এই মুহূর্তে ধারাবাহিক নাটকগুলো নিয়ে ব্যস্ত সময় চলছে বন্যা মির্জার। নাটকগুলো হচ্ছে, ‘সংঘাত’, ‘বধূ কেন মন বোঝে না’, ‘এলেবেলে’, ‘পিঞ্জর’, ‘পুরাণ কথা’ ও ‘বাতিঘর’। এছাড়াও আরও কিছু নাটকের শুটিং আগামী মাস থেকে শুরু হবে। ধারাবাহিক নাটক ‘পিঞ্জর’-এ বন্যার বিপরীতে অভিনয় করেছেন তার স্বামী মানস চৌধুরী। অন্যরকম এক অভিজ্ঞতা প্রসঙ্গে বন্যা বলেন, ‘প্রথমবারের মতো মানসের সাথে অভিনয় করলাম। প্রথম দিকে একটু অন্যরকম মনে হলেও অভিনয়ের সময় সব কিছুই স্বাভাবিক ছিল।’
