সুনামির ১০ বছর পর মেয়েকে খুঁজে পেল মা

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২১:০১
ইন্দোনেশিয়ায় সুনামির প্রায় দশ বছর পর এক শিশু ফিরে পেল তার পরিবারকে। রওধাতুল জান্নাহ নামে ঐ বালিকা সুনামির তোড়ে ভেসে গেলে তাকে আর খুঁজে পায়নি তার পরিবার। —খবর টাইমস অব ইন্ডিয়া। জান্নাহ’র বাবা-মা বলেন, ২০০৪ সালে যখন সুনামি হয় তখন জান্নাহর বয়স ছিল চার। তাদের বাড়ি আচেহ প্রদেশে। ঐদিন প্রবল ঢেউ এসে তাদের বাড়িতে আঘাত হানে। জীবন বাঁচাতে দুই ছেলে-মেয়েসহ তারা সকলেই কাঠ ধরে ছিল। কিন্তু হঠাত্ তাদের ছেলে-মেয়ে দুটো পিছলে স্রোতের টানে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি বলেন জান্নাহ’র মা জামালিয়াহ। তিনি আরো বলেন, ভেবেছিলাম আমার মেয়ে হয়ত আর বেঁচে নেই। কিন্তু গত জুনে আমার ভাই এক বালিকাকে দেখতে পায়। সে খোঁজ নিয়ে জানতে পারে, পাশের জেলার এক জেলে তাকে পেয়েছে। খবর পেয়ে আমি সেখানে যাই এবং আমার মেয়েকে চিনতে পারি। সে নিঃসন্দেহে আমার সন্তান।