সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন না করার দাবি সুজনের

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২১:৩৫
ঘোষিত নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতার সাথে অসংগতিপূর্ণ এবং এটির কার্যকারিতা সংবিধান স্বীকৃত নয়, তাই এই ‘জাতীয় সম্প্র্রচার নীতিমালা’ বাস্তবায়ন না করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার এক বিবৃতিতে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এই দাবি জানান। সুজন জানায়, নানা আলোচনা ও সমালোচনার পর সরকার গত ৫ আগস্ট ‘জাতীয় সম্প্র্রচার নীতিমালা-২০১৪’ অনুমোদন করেছে। এ নীতিমালায় সংবাদ ও অনুষ্ঠান প্রচারে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে, সুজন মনে করে এই নীতিমালা বাস্তবায়নের ফলে সম্প্র্রচার মাধ্যমগুলোর ওপর তথ্য মন্ত্রণালয় তথা সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়বে, এ মাধ্যমের স্বাধীনতা সঙ্কুচিত হবে। তাই যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন সম্প্র্রচার কমিশন গঠনের আগে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে অসংগতিপূর্ণ ‘জাতীয় সম্প্র্রচার নীতিমালা’ বাস্তবায়ন না করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়েছে ।