আজ শুরু পুলের দলবদল
জাতীয় দলের পুলভুক্ত ক্রিকেটারদের দলবদলের ভেতর দিয়ে আজ রবিবার আবার ঢাকার ক্রিকেটে চিরায়ত ঘরানার সেই দলবদল ফিরছে। আগের মৌসুমের মতো লটারিভিত্তিক ‘প্লেয়ার বাই চয়েস’ নয়; এবার আবার উন্মুক্ত পদ্ধতিতেই দলবদল হচ্ছে। যদিও জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে এবার দলবদল হচ্ছে দুই দফায়। আজ ও আগামীকাল হবে পুলের ক্রিকেটারদের দলবদল। এরপর ২৭ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে পুলের বাইরের ক্রিকেটারদের দলবদল।
গত মৌসুমে লটারিভিত্তিক দলবদল করায় খেলোয়াড়দের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই সঙ্গে অনেককালের ঢাকা ক্রিকেটের ব্যবস্থাটাও ধসে পড়েছিল। এবার আবার পুরোনো পদ্ধতিতে ফিরে আসা দলবদলে অনেক খেলোয়াড় এরই মধ্যে নিজের দল ঠিক করে ফেলেছেন। আবার গতকাল পর্যন্তও দল ঠিক করতে পারেননি পুলের বেশ কয়েকজন খেলোয়াড়।
এর মধ্যে জাতীয় দলের তামিম ইকবাল ও রুবেল হোসেন লিজেন্ড অব রূপগঞ্জ বা গাজী ট্যাংক ক্রিকেটার্সে যোগ দেয়া নিশ্চিত করেছেন বলেই জানা গেল। গাজী আপাতত তৃতীয় পুলের ক্রিকেটার নেবে না বলেও শোনা যাচ্ছে। কারণ, তারা শেষ পর্যন্ত সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করতে চায়। বোর্ড অনেকটাই নিশ্চিত করেছে যে, সাকিব প্রিমিয়ার লিগ খেলবেন। কিন্তু তাকে কি পুলে যোগ করে প্রিমিয়ারে খেলতে দেয়া হবে, নাকি অন্য কোন ব্যবস্থা করা হবে, সেটা নিশ্চিত নয়। তবে ব্যবস্থা যাই হোক, সাকিবের জন্য গাজী ট্যাংক অপেক্ষা করবে। এই অপেক্ষার যন্ত্রণায় নেই মোহামেডান স্পোর্টিং। তারা ইতিমধ্যে পুলের তিন খেলোয়াড়কেই নিশ্চিত করে ফেলেছে বলে খবর। মাশরাফি বিন মুর্তজা, নাইম ইসলাম ও মিথুন আলী খেলছেন মোহামেডানের হয়ে। আবাহনী তাদের পুরোনো সৈনিক জিয়াউর রহমান ও গতবার মাঠ মাতানো আল আমিনকে নিশ্চিত করেছে। পুলের তৃতীয় ক্রিকেটারের জন্য তারা এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের সঙ্গে আলাপ করছে বলে শোনা যাচ্ছে।
এদিকে প্রাইম দোলেশ্বর নাকি নিশ্চিত করে ফেলেছে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, মুমিনুল হক ও সফিউল ইসলামকে। এর মধ্যে মুশফিকুর রহিম প্রায় ৫০ লাখ টাকার চুক্তি করে এবারের মৌসুমে সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছেন বলেও গুঞ্জন আছে।
পুলের সব ক্রিকেটার নিশ্চিত করে ফেলেছে প্রাইম ব্যাংকও। তাদের সঙ্গে পরবর্তী মৌসুমে মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা থাকছেন।
এর বাইরের দলগুলো গতকাল সন্ধ্যা পর্যন্তও পুলের ক্রিকেটারদের কাউকে নিশ্চিত করতে পারেনি। এর মধ্যে ভিক্টোরিয়া স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার পুলের কোন খেলোয়াড়কে নিচ্ছে না বলেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন।
ফলে এখনও পর্যন্ত নাসির হোসেন, সোহাগ গাজী, সামসুর রহমান, মার্শাল আইয়ুব, সাব্বির রহমান রুম্মন, রবিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক কোন দলের সঙ্গে আলোচনা সেভাবে চূড়ান্ত করে উঠতে পারেননি।
নিশ্চিত করেই আজ ও কালকের পর চিত্রটা পরিষ্কার হবে।
ঢাকা প্রিমিয়ার লিগের জন্য পুল
ক্যাটাগরি ‘এ’
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ, নাসির হোসেন, এনামুল হক, মমিনুল হক, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, জিয়াউর রহমান, শামসুর রহমান, আরাফাত সানি, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, সাব্বির রহমান, মিঠুন আলী ও ইমরুল কায়েস।
ক্যাটাগরি ‘বি’
মাশরাফি বিন মর্তুজা, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন ও তাসকিন আহমেদ।
