রজার ফেদেরার তার ৩৩তম জন্মদিনটাকে স্মরণীয় করে রাখলেন ডেভিড ফেরারের বিরুদ্ধে টানা পঞ্চদশ জয় তুলে নিয়ে। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ প্রতিপক্ষের বিরুদ্ধে এই জয়ে ফেদেরার পৌঁছে গেছেন রজার্স কাপের শেষ চারে। যেখানে আজ আরেক স্প্যানিয়ার্ড ফেলিসিয়ানো লোপেজের মুখোমুখি হবেন তিনি।
এদিকে তৃতীয় রাউন্ডে নোভাক জোকোভিচকে হারিয়ে চমকে দেয়া জো উইলফ্রেড সোঙ্গা তার জয়রথ অব্যাহত রেখেছেন শেষ আটেও। টেনিসের বিগ ফোরের অন্যতম সদস্য অ্যান্ডি মারেকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছেন এই ফরাসি। ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে চলছিল জন্মদিনের ক্ষণ গণনা। ৬-৩ গেমে প্রথম সেট জিতে দর্শকদের উচ্ছ্বাস আরো বাড়িয়ে দেন সুইস সুপারস্টারটি। দ্বিতীয় সেটের শুরু থেকেই দর্শকরা সমস্বরে গাইতে থাকেন জন্মদিন সংগীত। যদিও ৬-৪ গেমে সেটটি হেরে যান ফেদেরার। তবে ৬-৩ গেমে তৃতীয় সেটটি জিতে গ্যালারি ভর্তি দর্শকদের উচ্ছ্বাসটা শেষ পর্যন্ত মাটি হতে দেননি তিনি। রেকর্ড ১৭ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়নকে ম্যাচ শেষে উপহার দেয়া হয় বিশাল এক কেকও। এই জয়ের ফলে নিজের জন্মদিনে খেলা চারটি ম্যাচের চারটিতেই জয় পেলেন ফেদেরার। সেই ২০১০ সালের পর প্রথমবারের মতো ফেরারের বিরুদ্ধে কোন সেট হারা ফেদেরার ম্যাচ জানালেন তার উচ্ছ্বাসের কথাই। তিনি বলেন, ‘৩৩ বছর বয়সে টেনিসের এই পর্যায়ে খেলতে পারাটাই আসলে একটা স্বপ্নের মতো। আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি। তাছাড়া, ডেভিডের (ফেরার) বিরুদ্ধে খেলাটা সব সময়ই বড় একটা চ্যালেঞ্জ। এখন আমার চেষ্টা থাকবে নিজেকে যতটা সম্ভব চোট মুক্ত রাখা যেন আমার লক্ষ্য পৌঁছানো সহজ হয়। আমি এবছর দুটি শিরোপা জিতেছি এবং আরো জিততে চাই। আগামীকালই (আজ) আবার শুরু হচ্ছে লড়াই।’
টুর্নামেন্টের গত আসরের ফাইনালিস্ট মিলোস রায়োনিককে ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন ফেদেরারের সেমিফাইনাল প্রতিপক্ষ লোপেজ।
টুর্নামেন্টের গত ১১ আসরের নয় বারই সেমিফাইনাল খেলা রায়োনিককে এবারও ধরা হচ্ছিল শিরোপার সম্ভাব্য ফেভারিটদের একজন হিসাবে। তরুণ প্রতিপক্ষের বিরুদ্ধে দারুণ লড়লেও শেষ পর্যন্ত এবার সেমিফাইনালের আগেই বিদায় নিতে হল রায়োনিককে।\ এই ম্যাচের আগেই রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ছয় বছর পর মারের বিরুদ্ধে নিজের প্রথম জয়টি তুলে নেন সোঙ্গা। এই দীর্ঘদেহী ফরাসি ৭-৬ (৭-৫), ৪-৬, ৬-৪ গেমে হারান সাবেক উইম্বলডন এবং ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারেকে। চোট কাটিয়ে এ বছরের শুরুতে কোর্টে ফেরা মারে এখনও নিজের সেরা ফর্ম থেকে অনেক দূরে আছেন বলেই মনে করছেন টেনিস বোদ্ধারা। ব্রিটিশদের বহু বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথম ব্রিটিশ হিসাবে গত বছর উইম্বলডন জেতা মারে সেই শিরোপার পর গত ১৩ মাস ধরে শিরোপা শূন্য। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান থেকে অবনমিত হয়েছেন নবম স্থানে। যা কিনা ২০০৮ সালের পর তার সর্বনিম্ন অবস্থান। অন্যদিকে এই ম্যাচের আগে দশবার মারের মুখোমুখি হয়ে একবার মাত্র জয় পাওয়া সোঙ্গা ম্যাচ শেষে ছিলেন দারুণ উচ্ছ্বসিত। মাত্র দুই দিনের ব্যবধানে জোকোভিচ-মারেকে হারানো সোঙ্গা বলেন, ‘প্রতিদিনই অবস্থার উন্নতি হচ্ছে। গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করে চলেছি আমি।’ প্রেমিকা মারিয়া শারাপোভা বিদায় নিলেও টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছেন গ্রিগর দিমিত্রভ। এই বুলগেরিয়ান তিন ঘন্টার এক কোয়ার্টার ফাইনালে ৫-৭, ৭-৫, ৭-৬ (৮-৬) গেমে হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে। আজ প্রথম সেমিতে সোঙ্গার বিরুদ্ধে লড়বেন দিমিত্রভ।
সুপারস্পোর্ট
