স্পোর্টস ডেস্ক
ব্যাটে মাদক থাকতে পারে এমন আশঙ্কা আগে কি কেউ করেছিল? আপাতদৃষ্টিতে অভাবনীয় এই কাজটা করে বসেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগ। মাদকের খোঁজে নিউজিল্যান্ড ক্রিকেটার জিমি নিশামের ব্যাটে রীতিমত ড্রিল মেশিন দিয়ে গর্ত করে পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র কাস্টমস বিভাগ। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই বিষয়ে ছবিসহ পোস্টও দিয়েছেন নিশাম। ২৩ বছর বয়সী এ ক্রিকেটার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য আমেরিকা হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছিলেন। আর আমেরিকার কাস্টমস কর্মকর্তারা নিশামের ব্যাটে কয়েকটি গর্ত করে মাদকের সন্ধান করে। অবশ্য কোন কিছুই পাওয়া যায়নি। পরবর্তীতে ব্যাটের ছবিসহ টুইটারে দিয়ে নিজেই খবরটি ফাঁস করে দেন এ ক্রিকেটার। নিশাম টুইটারে লিখেছেন, ‘মনে করুন আপনার ক্রিকেট ব্যাট আমেরিকা হয়ে গেলো এবং মাদকের খোঁজে তারা ব্যাটে গর্ত করল। ঠিক এমন ঘটনাটাই ঘটেছে!’ ছবিতে দেখা গেছে নিশামের ব্যাটে তিনটি গর্ত করা হয়েছে।
নতুন দায়িত্ব
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন স্পেনের জাভি হার্নান্দেজ। নতুন অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। চলতি গ্রীষ্মে অবসরে যাওয়া সেন্টা ব্যাক কার্লেস পুওলের স্থলাভিষিক্ত হচ্ছেন জাভি। গতবার পুওলোর ‘ডেপুটি’ হিসেবে দায়িত্ব পালন করা স্পেনের সাবেক এ মিডফিল্ডার সতীর্থদের ভোটে ন্যু ক্যাম্পের দলটির স্থায়ী অধিনায়ক নির্বাচিত হন। ৩৪ বছর বয়সী জাভির ‘ডেপুটি’ হিসেবে দায়িত্ব পালন করবেন আন্দ্রেস ইনিয়েস্তা। ১৯৯৮ সালে কাতালান জায়ান্টদের হয়ে অভিষেক হওয়ার পর পুরো ক্যারিয়ারই বার্সেলোনায় কাটানো জাভি দলের হয়ে ৫০০তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন। বার্সেলোনার হয়ে তিনি সাত বার লা লিগার শিরোপা জয় ছাড়াও তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ও দুইবার কোপা ডেল রে’র শিরোপা জয় করেছেন। এ সপ্তাহেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন এবং এই গ্রীষ্মেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু দলের নতুন কোচ লুইস এনরিকের অনুরোধে শেষ পর্যন্ত বার্সাতেই থেকে যান।
