ম্যানচেস্টার ইউনাইটেডে নয় শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন আর্সেনাল অধিনায়ক থমাস ভারমালেন। ইনজুরির কারণে বেলজিয়ামের এই আন্তর্জাতিক খেলোয়াড় আর্সেনালের পক্ষে প্রাক মৌসুম কোন প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারেননি। গত ১৮ মাস ধরে ওয়েঙ্গারের বিবেচনায় তিনি মূল একাদশে খেলতে ব্যর্থ হয়েছিলেন। তার স্থানে রক্ষণভাগে লরেন্ট কোসিনলে এবং পার মারটেসাকারের ওপরই বেশি আস্থা রেখেছিলেন কোচ আর্সেন ওয়েঙ্গার। এবারের মৌসুমের শুরুতেই তাকে দলে পেতে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত ইঙ্গিত পাওয়া গেছে কাতালান শিবিরেই পাড়ি জমাচ্ছেন এই বেলজিয়ান সেন্টার ব্যাক। নেমানজা ভিডিচ এবং রিও ফার্দিনান্দ দল ছেড়ে চলে যাবার পরে ইউনাইটেড তাদের রক্ষণভাগ শক্তিশালী করার দিকে মনোযোগ দেয়। কিন্তু আর্সেনাল অধিনায়ককেও শেষ পর্যন্ত দলে নিতে ব্যর্থ হওয়ায় লুইস ফন গালকে এখন বিকল্প চিন্তা করতে হচ্ছে।
