পল্টন ময়দানে ফুটবল টার্ফ স্থাপন করা হতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টার্ফ স্থাপনের জন্য প্রাথমিক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি গতকাল দুপুরে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পল্টন ময়দানটিকে খেলার উপযোগী করতে চান। ক্রীড়া পরিষদ একটা উদ্যোগ নিয়েছে, এখানে ১১০ বাই ৭০ মাপের ফুটবল টার্ফ স্থাপন করা হবে। ইংল্যান্ড থেকে টার্ফ আনা হবে। যেটি ২০ বছর টিকবে। খরচ হবে প্রায় ২ কোটি টাকা।
ফুটবল টার্ফে সব ধরনের খেলা হবে। যে সব ক্লাব টার্ফে অনুশীলন করতে চাইবে, তাদের কাছ থেকে এক থেকে দেড় হাজার টাকা নেয়া হবে। একই সাথে টার্ফের নিরাপত্তার জন্য আশেপাশের পরিবেশও সুন্দর করার কথা জানিয়েছেন উপমন্ত্রী। বর্তমানে বাফুফে ভবনের পাশে ফিফার অনুদানে স্থাপিত ফুটবল টার্ফ রয়েছে।
কমলাপুর স্টেডিয়ামে ফিফার অনুদানে টার্ফ বসবে। জাতীয় ক্রীড়া পরিষদ ২০ জন্য এই মাঠ বাফুফের নামে দিয়েছে বলে জানা গেছে। কাল সংবাদ মাধ্যমের সাথে আলোচনা কালে উপমন্ত্রী জানিয়েছেন বিকেএসপির আধুনিকায়ন করা হবে। আঞ্চলিক বিকেএসপির শাখাগুলোর কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। আঞ্চলিক শাখার ভর্তির কোটা আরো বাড়ানো হবে। অলস পড়ে থাকা দেশের বিভিন্ন সুইমিংপুলগুলোকে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেবে ক্রীড়া পরিষদ। দেশের মহিলা ক্রীড়া সংস্থাগুলোর কমপ্লেক্স সংস্কার করা হবে আধুনিকায়ন করার কথা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সংবাদ মাধ্যমের সাথে আলোচনায় জানা গেছে ক্রীড়া পরিষদ হকি ফেডারেশনের বর্তমান কমিটি পুনর্গঠনের ব্যাপারে নতুন কিছু ভাবছে।
