মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতীয় দুই কাবাডি কোচ

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২২:০৯
এশিয়ান গেমসে যে ক’টি খেলায় বাংলাদেশের পদক পাওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে কাবাডি। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ইনচিওন এশিয়ান গেমস কাবাডিতে বাংলাদেশের পুরুষ এবং মহিলা দলকে প্রশিক্ষণ দিতে ভারতীয় দুই কোচ আসছেন। ফেডারেশন জানিয়েছে মঙ্গলবারই দু’জন কোচ ঢাকায় পৌঁছাবেন। পুরুষ দলের জন্য শেখ মোহন মন্ডল এবং মহিলাদের জন্য বনানী সাহাকে নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন- এশিয়ান গেমস সামনে রেখে একমাসের জন্য ভারতের দুই কোচ দায়িত্ব পালন করবেন। ভারতীয় কোচরা যদি কাবাডিতে নতুন কিছু উপহার দিতে পারেন, সাফল্য আনতে পারেন তাহলে কাবাডি ফেডারেশন তাদেরকে দীর্ঘ সময়ের জন্য নিয়োগ দিতে পারে। ঈদের আগে ভারতীয় কোচদের সাথে আলোচনা প্রায় চূড়ান্ত করেছিলেন ফেডারেশনের কর্মকর্তারা। ৭ আগস্ট বাংলাদেশে অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল তাদের। কিন্তু ভিসা জটিলতার কারণে মোহন মন্ডল এবং বনানী সাহার ঢাকায় আসতে সময় লাগছে বলে ফেডারেশন জানিয়েছে। গতকাল কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, ‘ভারতীয় কোচদের ঢাকায় আসার জন্য আমরা নিয়োগপত্র পাঠিয়ে দিয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে জিও না পাঠালে ভারত থেকে ভিসা দেবে না বলে ভারত থেকে জানিয়েছে। তাই আমরা প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন পাঠিয়েছি। যেটা এখন ক্রীড়া মন্ত্রণালয়ে চলে গেছে। জিও ভারতে পাঠালে সেখানকার ক্রীড়া মন্ত্রণালয় দুই কোচকে বাংলাদেশের আসার ছাড়পত্র দেবে। আজ রবিবার জিও পাঠাতে পারলে আশা করছি মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছাবেন মোহন মন্ডল ও বনানী সাহা।’ শেখ মোহন মন্ডল ভারতের ইস্টার্ন রেলওয়ে ও কাবাডি পুরুষ ও মহিলা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।