বসুন্ধরা সিমেন্ট পাওয়ার ট্র্যাকারের উদ্বোধন

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২০:৩৫
যাত্রা শুরু করেছে বসুন্ধরা সিমেন্ট পাওয়ার ট্র্যাকার মোবাইল টেস্টিং ল্যাব। গতকাল রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) এর ইআরসি কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইইবি’র প্রেসিডেন্ট ড. এম শামীম জেড বসুনিয়া। দেশের প্রথম এ মোবাইল টেস্টিং ল্যাবের মাধ্যমে বিনামূল্যে বছরজুড়ে এ সেবা দিয়ে যাবে বসুন্ধরা সিমেন্ট। দেশের নির্মাণাধীন স্থাপনাগুলোতে ব্যবহূত নির্মাণ সামগ্রীর গুণগতমান, নির্মাণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা সিমেন্ট পাওয়ার ট্র্যাকার কাজ করবে। পরীক্ষা নিরীক্ষার জন্য পাওয়ার ট্র্যাকার গাড়ি ছুটে যাবে বিভিন্ন নির্মাণ সাইটগুলোতে। প্রাথমিকভাবে ঢাকায় দেয়া হলেও শিগগির সারা দেশে এ সেবা দেয়ার ব্যবস্থা করা হবে। পাওয়ার ট্র্যাকার টেস্টিং ল্যাব নির্মাণ সাইটগুলোতে গিয়ে পরীক্ষা করবে তাদের নির্মাণ সামগ্রী যেমন-কলাম, বীম ও ছাদের কমপ্রোসিভ স্ট্রেংথ, ফাইননেস মডুলাস অর্থ্যাত্ সিভ অ্যানালাইসিস এবং স্ল্যাম টেস্ট। এছাড়া পরবর্তীতে সিলিন্ডার টেস্ট, ফ্ল্যাকিনেস, ইনডেক্স, ইলোনগেশন টেস্ট চালু করা হবে। মোবাইল টেস্টিং ল্যাবের মাধ্যমে ওই গাড়িতে বসে বাড়ির মালিক, রাজমিস্ত্রী ও নির্মাণ কাজে সংশ্লিষ্টরা নির্মাণ কাজের সঠিক পদ্ধতি, বিধিমালা এবং নিয়মাবলী সচিত্র দেখতে পাবেন। বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মো. সাইফুল ইসলাম হেলালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসান উল্ল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এএসএম শফিউল্লাহ, বুয়েট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. এএসএম তৌফিকুল আনোয়ার, বসুন্ধরা গ্রুপের তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা মো: আবু তৈয়ব এবং বসুন্ধরা সিমেন্টের জিএম খন্দকার কিংশুক হোসেনসহ আরও অনেকে।