বুনোহাঁসের প্রচারণায় দেব

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২০:৫৭
রুপালি পর্দায় দেবকে অ্যাকশন দৃশ্যেই দেখতে অভ্যস্ত তার ভক্তরা। ভিলেনকে পিটিয়ে রক্তাক্ত করতে জুড়ি নেই তার। কিন্তু ‘বুনোহাঁস’ ছবিতে এই দেবকেই কিনা দেখা যাবে ভিন্ন চরিত্রে। ভক্তদের সামনে হাজির হতে যাচ্ছেন যেন এক অন্য দেব। রক্ত দেখলে সহ্য করতে পারছেন না, বন্দুক ধরতে গেলে হাত কাঁপছে এসব নিশ্চয় দেবের ভক্তরা তাকে নিয়ে কল্পনাও করতে পারেন না। চ্যালেঞ্জ ১ আর ২-এর পর বুনোহাঁসের এই চরিত্রটিকেও আরেকটি চ্যালেঞ্জ মানছেন স্বয়ং দেব। বলেছেন, ‘দেবকে আড়াল করাটাই যেন এবার আমার প্রথম কাজ। মানছি যে এটা মোটেও সহজ ছিল না। আশা করছি, আমার ভক্তরা নিরাশ হবেন না।’ পরমব্রত, আবির, ইন্দ্রনীলদের মতো দেবও কি যোগ দিলেন ভিন্নধারার ছবিতে জানতে চাওয়া হলে দেবের সুস্পষ্ট জবাব, ‘আমি এখন অভিনেতা হিসেবে নিজেকে পরিণত করতে চাই। আমজনতার মন জয় করার পর এবার আরও সিরিয়াস দর্শকদের কাছে পৌঁছাতে চাই।’ আগামী ১৫ আগস্ট মুক্তি পেতে যাওয়া বুনোহাঁস ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী।