নকল বইয়ের বিরুদ্ধে এবার প্রেসে প্রেসে অভিযান চালাবো

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:৩৬
নকল বইয়ের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমরা এবার প্রেসে প্রেসে অভিযান চালাবো। কেউ যদি উচ্চ মাধ্যমিক বইয়ের নকল করে বই বের করে তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, এবার নতুন বইয়ের বাইরে কেউ নকল বই বের করলে সে আইনের হাত থেকে রেহাই পাবে না। অভিভাবক ও শিক্ষার্থীরা যেন বাজার থেকে কম দামে নকল বই না কেনেন। নকল বই দেখলে জানাবেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রবিবার রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন, বাংলা সহপাঠ ও ইংরেজি পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যে সব প্রকাশক এনসিটিবি’র অধীনে পাঠ্যপুস্তক ছাপাবে, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভাল কাগজ ব্যবহার করুন। ভাল কাগজ ব্যবহার না করলে কাউকে ছাড়পত্র দেয়া হবে না। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, অন্য ব্যাপারে আপনারা হুমকি দিতে পারেন। কিন্তু শিক্ষা নিয়ে হুমকি দেয়া ঠিক হবে না। যখন পরীক্ষা, ক্লাস ও বই বিতরণ হয় তখন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করবেন না যাতে ভবিষ্যত্ প্রজন্মের ক্ষতি হয়। এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, প্রকাশক আলমগীর শিকদার লোটন প্রমুখ বক্তব্য রাখেন। তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ ও ইংলিশ ফর টু-ডে’র প্রতিটি বইয়ের ছয় লক্ষ করে কপি ছাপানো হয়েছে। বাংলা সাহিত্য পাঠের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১০২ টাকা, বাংলা সহপাঠের মূল্য ৪৭ টাকা। এরমধ্যে বাংলা সাহিত্য পাঠ ও বাংলা সহপাঠ বই দু’টো নতুন কারিকুলামে লেখা। ইংলিশ ফর টু-ডে’তে নমুনা প্রশ্ন যুক্ত করা হয়েছে। প্রতিটি বইয়ের সূচিপত্র ও প্রসঙ্গ কথাসহ ইনারে হলুদ রঙের নিরাপত্তা কাগজ ব্যবহার করা হয়েছে। বইগুলোর কভার ৩০০ গ্রাম আর্ট কার্ডে চার রঙের প্রচ্ছদ করা হয়েছে। তাত্ক্ষণিক চাহিদা মেটানোর জন্য প্রতিটি বিষয়ের আরো এক লক্ষ ২০ হাজার কপি অতিরিক্ত মুদ্রণের কার্যাদেশ প্রদান করা আছে। মুদ্রণ প্রতিষ্ঠান ১৫টি হলো- সরকার প্রকাশনী, কামরুল পাবলিকেশন্স, হরফ পাবলিকেশন্স, আনন্দ প্রিন্টার্স, পুঁথি নিলয়, বই সামগ্রী, মাদার্স পাবলিকেশন্স, বুকম্যান প্রিন্টার্স এন্ড পাবলিকেশন্স, প্রিয়াংকা প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, আলমগীর প্রেস পাবলিকেশন্স, কচুয়া প্রেস এন্ড পাবলিকেশন্স, দোহার প্রিন্টিং প্রেস, সাহিত্য সাগর ও বর্ণমালা প্রকাশনী।