জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিত্সকরা বিনা মূল্যে চিকিত্সা সেবা দেবেন।
গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রোগীরা বিনা মূল্যে এই সেবা পাবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালককে (হাসপাতাল) নির্দেশ দিয়েছেন।
শোক দিবসের কর্মসূচি
প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে- ওই দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অত্র বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নীচতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৮টায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সা সেবা কার্যক্রম উদ্বোধন, সকাল ৯টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ইত্যাদি।
