দলীয় প্রচেষ্টায় তৃপ্ত কুক

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:৪৮
একটু পিছনে ফিরে তাকালে ছিল লর্ডসে লজ্জাজনক আত্মসমর্পণের স্মৃতি। এর মধ্যে আবার খানিকটা অসুস্থ ছিলেন জেমস অ্যান্ডারসন। মুখমণ্ডলের ইনজুরি নিয়ে হাসপাতালে ছিলেন প্রথম ইনিংসে ছয় উইকেট পাওয়া পেসার স্টুয়ার্ট ব্রড। এর উপর হারিকেন বার্থার চোখ রাঙ্গানিতো ছিলই! কিন্তু ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে ভারতীয় দল কিংবা প্রতিপক্ষ - কোনটাই খুব বেশি বড় বাধা হয়ে দাঁড়াতে পারলো না ইংলিশদের সামনে। ইনিংস ও ৫৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল তারা। আগামী শুক্রবার ওভালে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে কোনক্রমে ড্র করতে পারলেই সিরিজ জিতে যাবে স্বাগতিকরা। আর হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার কোন সুযোগ নেই। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর ঘুড়ে দাঁড়ানোর জন্য দলীয় প্রচেষ্টাকেই বড় হিসেবে দেখছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমরা একটা দল হিসেবে এক সাথে লড়াই করেছি। আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে ছিলাম। এরপরও আমাদের যে সিরিজ জয়ের সুযোগ আছে সেটা আমরা নিজেরা ছাড়া বিশ্বাস করার মত আর কোন মানুষ অবশিষ্ট ছিলেন না। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি বলে আমি তৃপ্ত।’ ১৯৬৭ সালে এজবাস্টন টেস্টের পর এই প্রথম ভারতকে তিন দিনের ভেতর হারাল ইংল্যান্ড। লর্ডস টেস্টে ৯৫ রানে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পরও ভারতের পরিণতির জন্য ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করছেন মাঠের বাইরের বিষয় নিয়ে মাত্রাতিরিক্ত নাক গলানো। ভনের মতে, জেমস অ্যান্ডারসনের পেছনে লেগেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছে ধোনির দল, ‘ভারতীয়রা মাঠের বাইরের ইস্যুগুলো নিয়ে বেশি সময় নষ্ট করেছে। সিরিজে এগিয়ে যাওয়া নয়, তাদের লক্ষ্য যেন ছিল যেকোনো মূল্যে অ্যান্ডারসনের শাস্তি। মাঠের ক্রিকেটের প্রতি মনোযোগটা হারিয়ে ফেললে যা হয়, সেটাই হয়েছে তাদের ক্ষেত্রে।’ প্রথম ইনিংসে ভারত ১৫২ রানে গুটিয়ে যাওয়ার মূল নায়ক ছিলেন স্টুয়ার্ট ব্রড। মাত্র ২৫ রান দিয়ে ৬ উইকেট নেয়া ব্রড দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বরুণ অ্যারনের বাউন্সারে নাক ফাটিয়ে। অথচ ব্রডহীন ইংলিশ বোলিং ভারতীয়দের ব্যাটিংকে উড়িয়ে দিল কত সহজেই। ভন এই পারফরম্যান্সকে অভিহিত করেছেন ‘আত্মসমর্পণ’ হিসেবে। বিবিসিকে তিনি বলেছেন, ‘গৌতম গম্ভীর আউট হয়ে যাওয়ার পরপরই আসলে ভারত আত্মসমর্পণ করে ফেলে। লড়াই শেষ হওয়ার আগেই সাদা পতাকা উড়িয়ে দিলে যা হয়, ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ঠিক তাই করেছে।’