মর্মান্তিক!

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:৪৮
ফুটবল খেলতে গিয়ে মাঠেই মৃত্যু ঘটলো ডায়নামো কিয়েভ মস্কোর সাবেক মিডফিল্ডার আন্ড্রি বেলের। কিয়েভের হয়ে ৫৬ বছর বয়সী এই মিডফিল্ডার চারটি সোভিয়েত চ্যাম্পিয়নশিপ জয় করা ছাড়াও ১৯৮৬ সালে ইউরোপিয়ান কাপ জয় করেছিলেন। স্থানীয় গণমাধ্যম ধারণা করছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। বেলের সাবেক ডায়নামো কিয়েভ সতীর্থ ভাডিম ইভতোশেনকো ফুটবল ওয়ান চ্যানেলে বলেছেন, শনিবার সাবেক ফুটবলারদের একটি মিলনমেলায় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানেই আন্ড্রি অনুশীলনের সময় হঠাত্ করেই মৃত্যুবরণ করেন। আরেক সতীর্থ ভোলোদিমির বলেন, ‘আমার হাতের ওপরে তার মৃত্যু হয়েছে। তাকে কেউ কোন ট্যাকেল করেনি। সে সাধারণভাবে বল পাস দিয়ে মাটিতে পড়ে যায়।’ ফুটবল থেকে অবসরের পরে বেল বিভিন্ন ক্লাব ও ইউক্রেনিয়ার জাতীয় দলে ইউক্রেনিয়ার ফুটবল তারকা ওলেগ বোকহিনের সাথে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে তিনি ইউক্রেনের অস্থায়ী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।