বাংলাদেশের বিপক্ষে ফিরছেন ব্রাভো

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:৪৯
ড্যারেন স্যামির পরিবর্তে গত বছর তার কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। তবে, গোল বাঁধলো সেই কাঁধেই! কাঁধের ইনজুরি নিয়ে দীর্ঘ একটা সময় ছিলেন দলের বাইরে। তবে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়েই দলে ফিরছেন তিনি। সাথে অধিনায়কের দায়িত্ব তো থাকবেই। আগামী ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে ও এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যর দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সিরিজে দলে থাকা কিয়েরন পাওয়েল, মারলন স্যামুয়েলস ও ডোয়াইন স্মিথ জায়গা হারিয়েছেন। সেখানে ডাক পেয়েছেন ক্রিস গেইল, কাইরেন পোলার্ড ও কেমার রোচ। বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দলটির সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার ঘোষিত পুনর্গঠিত নির্বাচক প্যানেলে তার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ফাস্ট বোলার এলডিন ব্যাপস্টিট এবং কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) জানিয়েছে সাবেক উইকেটরক্ষক কোর্টনি ব্রাউন নির্বাচক প্যানেলে নিজের স্থান অক্ষুণ্ন রেখেছেন এবং দলের প্রধান কোচ ওটিস গিবসনও প্যানেলের সদস্য থাকবেন, তবে তার কোন ভোটিং ক্ষমতা থাকবে না। তবে বিদায়ী চেয়ারম্যান সাবেক টেস্ট অফ স্পিনার ক্লাইড বাটস এবং সাবেক লেগ স্পিন অলরাউন্ডার রবার্ট হেইন্সকে নির্বাচক প্যানেল থেকে বাদ দেয়া হয়েছে। ডব্লিউআইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রিচার্ড পাইবাস জানান, লয়েডের সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে। পাইবাস বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সত্যিকার লিজেন্ডদের একজন লয়েডকে প্রথমবারের মতো নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্তিকে আমরা স্বাগত জানাই। ক্লাইভ লয়েডের মতো আইকনিক ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ এবং অত্যন্ত অভিজ্ঞ এলডিন ব্যাপস্টিটের মতো কোচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের প্রস্তাব গ্রহণ করায়ও আমরা আনন্দিত। ১১০ টেস্ট খেলা লয়েড অবসর গ্রহণের পর কোচ, ম্যানেজার এবং বোর্ডের ডিরেক্টর হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারি এবং এর ক্রিকেট কমিটির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। পুনর্গঠিত নির্বাচক কমিটির প্রথম কাজ হবে নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল নির্বাচন করা। স্কোয়াড ডোয়াইন ব্রাভো (অধি:), ড্যারেন ব্রাভো, ক্রিক এডওয়ার্ডস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনিল নারাইন, কাইরেন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপাল, কেমার রোচ, ড্যারেন সামি, লেন্ডল সিমন্স।