বাংলাদেশের বিপক্ষে কোচিং ক্যারিয়ারের শুরুটা ভাল হয়নি লঙ্কান কোচ চান্দিকা হাতুরুসিংহের। সামনে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে বাংলাদেশের জন্য ভাল ক্রিকেট খেলাটা হবে বড় এক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সিরিজে ভাল একটা সূচনা চান এই কোচ।
কন্ডিশন কিংবা প্রতিপক্ষ কোনটাকেই খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না কোচ। ভাল সূচনা হলে সব কিছুই সম্ভব বলে মনে করছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা শুরুটা ভালো করতে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ। খেলা কোথায় হচ্ছে, বা কার বিপক্ষে হচ্ছে, তা চিন্তা করছি না। আমরা আপাতত ভালো একটি শুরুর দিকে তাকিয়ে আছি।’
ক্যারিবীয় সফরে থাকছেন না বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। কিন্তু নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারা এই ক্রিকেটারের অনুপস্থিতে বড় কোন বিপদে বাংলাদেশ পড়বে না বলেই মনে করছেন কোচ, ‘সাকিব ভালো খেলোয়াড়। সে একের ভিতর দুই। তার শূন্যতা পূরণ করা কঠিন। তবে আমাদের দলেও যথেষ্ট শক্তি-সামর্থ্য আছে। সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমি এই দলের নির্বাচন নিয়ে খুশি।’
ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে বাংলাদেশ দল নিজেদের মধ্যেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচের পারফরম্যান্স দিয়ে দলটি সন্তুষ্ট করতে পেরেছে কোচকে। আত্মবিশ্বাসী কোচ ওয়েস্ট ইন্ডিজ থেকে জয় নিয়ে ফেরার কথাই জানালেন, ‘সবাই কঠিন অনুশীলন করেছে। আমি সব খেলোয়াড়ের চেষ্টা নিয়ে খুশি। সবাই খুব ভালো করেছে। অবশ্যই আমরা সিরিজ জিততে চাই এবং জয়ের জন্য যা যা করা দরকার, তা করবো। সম্ভাব্য সব ধরনের চেষ্টাই করবো।’
