বাংলাদেশ হকি দলের বিদেশি কোচের বেতনের জন্য জনতা ব্যাংক এবার ৫০ লাখ টাকা দিয়েছে। এই অর্থ এক বছরে ব্যয় করা হবে বলে জানা গেছে। গত বছর জনতা ব্যাংক দিয়ে ছিল ৯০ লাখ টাকা। এবার কেন অর্থ কমে গেল, সে প্রসঙ্গে গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ওমর ফারুক ফেডারেশনকে আস্বস্ত করে বলেন, ‘টাকার অঙ্কটা কম মনে হলেও এটাই শেষ না। শুধুমাত্র বিদেশি কোচের জন্য নয়, স্কুল হকি ও অন্যান্য কর্মকাণ্ডেও পাশে থাকতে চাই।’ এমন কথায় দারুণ খুশি হকি কর্মকর্তারা। অর্থ কম পেলেও অন্যান্য কর্মকাণ্ডে ব্যাংকটিকে জড়াতে পারলে সেটার সুফল পাবে হকি। দুপুরে বিওএ’র সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী তুলে ধরেছেন হকির সাফল্যের কথা। কিভাবে হকি এগিয়ে চলেছে তা জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের বর্তমান অবস্থান এবং ভবিষ্যত্ পরিকল্পনাগুলো তুলে ধরেন ফেডারেশন সভাপতি। তিনি বলেন, উন্নতির ধারাবাহিকতা বজায় থাকলে এশিয়ায় একটা ভালো অবস্থা তৈরি করা সম্ভব। ২০ বা ২৫ নম্বরে উঠে আসা সম্ভব।’
